×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য

২০২৬ নভেম্বর ১৭ ০৮:৫১:০৪
ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও আঞ্চলিক বাণিজ্যে এক নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। ভারতকে সম্পূর্ণ বাইরে রেখে এবার সরাসরি চীন, মিয়ানমার ও বাংলাদেশকে এক সুতোয় গাঁথতে মেগা অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। দীর্ঘদিন ধরে আটকে থাকা চারদেশীয় বিসিআইএম (BCIM) করিডোরের জট কাটাতে ভারতকে পাশ কাটিয়ে এই তিন দেশের মধ্যে নতুন যোগাযোগের রূপরেখা টানা হয়েছে।

গত ২৬ জুন বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ত্রিমুখী করিডোরের প্রস্তাব দেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে:

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে স্থলপথে যাত্রা শুরু হয়ে মিয়ানমারের রুইলি, মুসে ও মান্দালয় হয়ে পণ্য পৌঁছাবে রাখাইন রাজ্যের উপকূলীয় গভীর সমুদ্রবন্দর কিয়াউকফিউতে।

এরপর সেখান থেকে ছোট ছোট ফিডার ভেসেলের মাধ্যমে বঙ্গোপসাগরের সমুদ্রপথ পাড়ি দিয়ে সরাসরি বাংলাদেশের বন্দরে পণ্য আনা-নেওয়া করা হবে।

বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত এই পথের দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার।

আঞ্চলিক যোগাযোগ ও অর্থনীতির চিরাচরিত সমীকরণ বদলে দেওয়া এই পরিকল্পনা ঘিরে কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হলেও এর বাস্তবায়নে বড় ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে।

সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের অগ্নিগর্ভ ও সংঘাতময় পরিস্থিতি। সেখানকার অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে।

কিয়াউকফিউতে চীনের মূল বন্দর ও তেল-গ্যাস পাইপলাইন প্রকল্পে তারা সরাসরি বাধা না দিলেও নিরবচ্ছিন্ন পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।

ইউনানের প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের উপ-মহাপরিচালক ওয়েন শিসাংও স্বীকার করেছেন যে, এই সম্ভাবনার বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করছে রাখাইনের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর।

বঙ্গোপসাগরে চীনের এই ক্রমবর্ধমান প্রভাবের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো। এমন পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় অত্যন্ত সুনির্দিষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে:

১. প্রস্তাবটির অর্থনৈতিক সম্ভাব্যতা চুলচেরা যাচাই করে বাংলাদেশের কোন বন্দর ব্যবহার সবচেয়ে লাভজনক হবে, তা এখনই নির্ধারণ করতে হবে।

২. নিশ্চিত করতে হবে যেন এই করিডোর কেবল চীনা পণ্য প্রবেশের একমুখী পথ না হয়, বরং বাংলাদেশের রপ্তানি পণ্যও যেন সমানতালে এই আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পায়।

আঞ্চলিক সংযোগের নতুন দিগন্ত উন্মোচনকারী এই প্রস্তাবিত করিডোরের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন গন্তব্যে গিয়ে ঠেকে, এখন সেটাই দেখার বিষয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে