×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা

২০২৬ নভেম্বর ১৬ ২০:০০:৫৮
বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর (মিডক্যাপ এন্টারপ্রাইজেস) বিনিয়োগ প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক অর্থায়ন প্রাপ্তি ও শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের সক্ষমতা বাড়াতে দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউট (ডব্লিউডিআই) যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ‘Investment Readiness Workshop for Midcap Enterprises in Bangladesh’ শীর্ষক এই কর্মশালা উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। কর্মশালায় বিএসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন খাতের ২৪টি এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ৩০ জন প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের এসএমই খাতের বিকাশে প্রধান দুটি প্রতিবন্ধকতা হলো প্রয়োজনীয় মূলধনের অভাব এবং আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দুর্বলতা। ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে এখনো ব্যবসার সম্ভাবনা ও কার্যক্রমের চেয়ে জামানতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অনেক সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন। অনেক উদ্যোক্তা আয়-ব্যয়ের হিসাব রাখলেও প্রকৃত মুনাফা, লোকসান এবং ব্যবসার আর্থিক অবস্থান সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ ঝুঁকি ও ব্যবসার স্থায়িত্ব মূল্যায়নের জন্য উদ্যোক্তাদের মৌলিক আর্থিক জ্ঞান থাকা জরুরি।

চেয়ারম্যান আরও বলেন, ব্যাংকঋণের বাইরে উদ্যোক্তাদের জন্য শেয়ারবাজার মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হতে পারে। বিএসইসি দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে স্বাগত জানায়। তবে এজন্য প্রতিষ্ঠানগুলোর সুদৃঢ় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক সক্ষমতা এবং টেকসই ব্যবসায়িক সম্ভাবনা থাকা আবশ্যক। কারণ, বিনিয়োগকারীরা কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন এবং তাঁদের বিনিয়োগের বিপরীতে যথাযথ রিটার্ন নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদনের জন্য কোনো প্রতিষ্ঠান আবেদন করলে বিএসইসি তার ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য রিটার্ন সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে। উদ্যোক্তাদের স্বচ্ছ উদ্দেশ্য, শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়ে শেয়ারবাজারে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম কর্মশালায় বক্তব্য দেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের (ডব্লিউডিআই) সিনিয়র ডিরেক্টর (ইমপ্যাক্ট ইনভেস্টিং) গগনদীপ সিং বক্সী (Gagandeep Singh Bakshi)।

দুই দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মূলধন সংগ্রহ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতির বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। প্রথম দিনে বিনিয়োগ প্রস্তুতির ধারণা, নিজস্ব ব্যবসা সম্পর্কে মূল্যায়ন, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং কার্যকর পিচ ডেক (Pitch Deck) তৈরির বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। দ্বিতীয় দিনে ব্যবসা মূল্যায়ন (Business Valuation), ডিউ ডিলিজেন্স প্রস্তুতি, টার্ম শিট, শেয়ারহোল্ডার চুক্তি এবং সংশ্লিষ্ট কেস স্টাডি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

কর্মশালাটি ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। সমাপনী বক্তব্য দেবেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে