×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত

২০২৬ নভেম্বর ১৪ ১৯:৩২:০৩
সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ ১৮টি মুসলিমপ্রধান দেশ। হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশগুলো বলছে, হাসপাতালটিতে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এতে রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ১৮টি মুসলিমপ্রধান দেশ। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, হাসপাতালটিতে ইসরাইলের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। এ ধরনের হামলায় রোগী, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জীবন গুরুতর ঝুঁকির মধ্যে পড়ছে।

যৌথ বিবৃতিতে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানানো হয়। এসব হামলা যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে বলে সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

তারা আরও অভিযোগ করেন, ইসরাইল গাজায় চিকিৎসাসামগ্রী ও শীতকালীন আশ্রয় উপকরণসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার ক্রমাবনতিশীল পরিস্থিতি শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজার শিশু ও নবজাতকদের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলবে।

যৌথ বিবৃতিতে ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাজায় নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।

এ ছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের প্রতিও আহ্বান জানিয়েছেন ১৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে