×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট

২০২৬ নভেম্বর ১৩ ১৮:৪৩:৫০
ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও ইরান সংঘাত, ফিলিস্তিনিদের প্রতি কঠোর অবস্থান এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একগুঁয়েমির কারণে ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কে গভীর ফাটল ধরেছে। এমন নাজুক পরিস্থিতিতে ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ভেঙে পড়া সম্পর্ক জোড়া লাগানো।

সাবেক মার্কিন ও ইসরাইলি কূটনীতিক, আইনপ্রণেতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেবল নেতৃত্বে মুখ বদল করে ওয়াশিংটনের হারানো আস্থা ফেরানো সম্ভব নয়; বরং ইসরাইলের রাষ্ট্রীয় নীতিতেও দৃশ্যমান পরিবর্তন আনতে হবে আইজেনকোটকে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং গাজায় সামরিক অভিযানের ধরন নিয়ে নতুন করে ভাবতে হবে। তবে এসব নীতিগত সংস্কারে হাত দিলে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিরোধ ও অস্থিরতা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েনকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে। নির্বাচনের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে দেওয়া বার্ষিক প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে বড় ধরনের ধাক্কা দেন। দীর্ঘদিন ধরে ইসরাইলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার যে মার্কিন ঐতিহ্য ছিল, তাতেও এখন পরিবর্তনের সুর শোনা যাচ্ছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান শিবিরের একটি বড় অংশও ইসরাইল নীতি পুনর্বিবেচনার দাবি তুলেছে, যার ফলে ওয়াশিংটনে ইসরাইলপন্থি দীর্ঘদিনের দ্বিদলীয় ঐকমত্য আজ চরম চাপে পড়েছে।

নেতানিয়াহু সরে গেলেই কি কাটবে সংকট?

ইসরাইলি রাজনীতিতে নেতানিয়াহুর বিকল্প হিসেবে সামনে আসা গাদি আইজেনকোটকে ২০২৬ সালের ৮ নভেম্বর নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হলে তাকে বিভিন্ন দলের সমর্থন জোগাড় করতে হবে। দায়িত্ব পাওয়ার পর আইজেনকট নিজেও স্বীকার করেছেন যে, ইসরাইল তার ঘনিষ্ঠ মিত্রদের আস্থা হারানোর মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে, যা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের সরকার জরুরি। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ এবং গাজার মানবিক বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ না নিলে শুধু ব্যক্তি পরিবর্তনে ওয়াশিংটনের ক্ষোভ প্রশমিত হবে না।

সম্পর্ক মেরামতে আইজেনকোটের করণীয় কী?

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সম্পর্ক স্বাভাবিক করতে আইজেনকোটকে চারটি মূল ক্ষেত্রে কাজ করতে হবে। প্রথমত, নেতানিয়াহুর আমলে রিপাবলিকানদের প্রতি অতি-ঝোঁক এবং ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধিতা করে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার ফলে ডেমোক্র্যাটদের সঙ্গে যে তিক্ততা তৈরি হয়েছিল, তা দূর করে যুক্তরাষ্ট্রের উভয় প্রধান দলের সঙ্গেই আস্থার সম্পর্ক গড়তে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ফেরাতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বসতি সম্প্রসারণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত, গাজার যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও বেসামরিক প্রশাসন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। চতুর্থত, ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে যে অসন্তোষ বাড়ছে, তা বিবেচনায় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করতে হবে।

সহায়তা বন্ধের ঘোষণা ও বদলে যাওয়া মার্কিন রাজনীতি

ট্রাম্পের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা এবং মার্কিন কংগ্রেসে ইসরাইলবিরোধী প্রস্তাবের পক্ষে ক্রমবর্ধমান সমর্থন প্রমাণ করে যে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। এমনকি কট্টর ইসরাইলপন্থি মহলেও এখন অস্ত্র সরবরাহের ক্ষেত্রে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলার শর্ত আরোপের আলোচনা চলছে। ফলে তেল আবিবকে এখন এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, যেখানে মার্কিন সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক সহায়তা আর আগের মতো স্বতঃসিদ্ধ বা শর্তহীন থাকছে না।

আইজেনকটের সামনে যত রাজনৈতিক ঝুঁকি

ওয়াশিংটনকে খুশি করতে গিয়ে নীতিগত পরিবর্তন আনা আইজেনকোটের জন্য মোটেও সহজ হবে না। সরকার গঠনের জন্য তার সম্ভাব্য জোটসঙ্গীদের মধ্যেই ফিলিস্তিন ও নিরাপত্তা নীতি নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। সরকার টিকিয়ে রাখতে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হলেও জোটের অনেক নেতা এর ঘোর বিরোধী। তা ছাড়া আইজেনকট নিজেও হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণকে গাজায় নতুন প্রশাসন গঠনের পূর্বশর্ত হিসেবে দেখছেন। অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে ছাড় দেওয়ার চাপও রয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী হতে পারলে আইজেনকোটকে একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং অন্যদিকে ওয়াশিংটনের আস্থা ফেরানোর মতো কঠিন দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে