×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি

২০২৬ নভেম্বর ১৬ ১৭:৪৬:২৩
আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক: ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় আমদানির ক্ষেত্রে গন্তব্য-সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ কীভাবে পরিশোধ করতে হবে, সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএপি, ডিপিইউ ও ডিডিপি শর্তে আমদানির ক্ষেত্রে এসব চার্জ নিষ্পত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, আমদানি কার্যক্রম শুরু করার আগেই এডি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট আমদানি চুক্তির বিভিন্ন খরচ আলাদাভাবে উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

চুক্তিতে পণ্যের এফওবি মূল্য, পরিবহন ভাড়া, বিমা এবং প্রযোজ্য গন্তব্য-সংশ্লিষ্ট সব চার্জ পৃথকভাবে উল্লেখ থাকতে হবে। এর মাধ্যমে আমদানি মূল্যের কোন অংশ পণ্যের দাম এবং কোন অংশ গন্তব্যে পণ্য পৌঁছানোর পর বিভিন্ন সেবার খরচ হিসেবে ব্যয় হবে, তা স্পষ্ট করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, এডি ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর অনুকূলে আমদানি মূল্য পাঠানোর সময় পৃথকভাবে চিহ্নিত গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ পাঠাতে পারবে।

এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও সহায়ক কাগজপত্রের ভিত্তিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ বাংলাদেশে মনোনীত সুবিধাভোগী বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধ করা যাবে।

তবে বিদেশি সরবরাহকারী যদি সম্পূর্ণ আমদানি মূল্য গ্রহণ করতে চান, সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এ পদ্ধতিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ মনোনীত সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যয় নির্বাহের আগে অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে বাংলাদেশে ফেরত আনতে হবে। এ ক্ষেত্রে যে সময়সীমাটি আগে পূর্ণ হবে, সেটিই কার্যকর হবে।

সার্কুলারে এডি ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থের যথাযথ সংযোগ বা সম্পর্ক নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় দলিলাদি সংরক্ষণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে, আমদানি মূল্যের অন্তর্ভুক্ত গন্তব্য-সংশ্লিষ্ট কোনো চার্জই ব্যাংকিং চ্যানেলের বাইরে নিষ্পত্তি করা যাবে না। অর্থাৎ এসব খরচ পরিশোধ ও সমন্বয়ের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হবে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় আমদানি কার্যক্রমে ব্যয়ের হিসাব আরও স্পষ্ট হবে। একই সঙ্গে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ পরিশোধে অনিয়মের সুযোগ কমবে এবং আমদানি লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে