×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি, বন্ড ছাড়বে বাংলাদেশ

২০২৬ নভেম্বর ১৫ ১৯:১৯:১৮
আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি, বন্ড ছাড়বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শেয়ারবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক অথবা লন্ডনের আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থায়নের উৎস সম্প্রসারণ এবং প্রচলিত বৈদেশিক ঋণের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে আয়োজিত ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের এ পরিকল্পনার কথা জানান। এর আগে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বলেন, দেশের বেসরকারি খাত এত দিন মূলত ব্যাংকনির্ভর ঋণ ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেনি, এমনকি বন্ডও ছাড়েনি। এর ফলে ব্যাংকগুলোর ওপর ঋণ সরবরাহের চাপ বেড়েছে।

তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে নিউইয়র্ক ও লন্ডনের বাজার বিবেচনায় রয়েছে। তবে প্রথম দফায় কী পরিমাণ বন্ড ছাড়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, শুধু দেশের অভ্যন্তরীণ বাজার থেকে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে উন্নয়ন প্রকল্পগুলোর বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক শেয়ারবাজারসহ অর্থায়নের বিকল্প উৎসগুলো ব্যবহার করা প্রয়োজন। অর্থায়নের উৎস বাড়ানো গেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক মুদ্রা সংগ্রহের সুযোগও সম্প্রসারিত হবে।

এ সময় দেশি-বিদেশি বাজার থেকে অর্থ সংগ্রহের জন্য সরকারের পরিকল্পনায় থাকা বিভিন্ন ধরনের বন্ড ও বিনিয়োগ উপকরণের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ছি এবং হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করছি। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ব।’

সরকারের এ পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক শেয়ারবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের পাশাপাশি বৈদেশিক অর্থায়নের উৎসে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে