×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়

২০২৬ নভেম্বর ১১ ২০:২৫:৪৯
লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের দীর্ঘদিনের নেগেটিভ ইক্যুইটি (ঋণাত্মক মূলধন) এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের জন্য ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে চলতি বছরে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে তা ২০২৬ সালের মধ্যেই সমন্বয় করতে হবে। একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না। এসব হিসাবে মার্জিন ঋণের সুদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আদায়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভায় শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তগুলোর তথ্য জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম।9 কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণ নেগেটিভ ইক্যুইটি থাকবে, সেটিই সমন্বয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ওই পরিমাণ ঋণাত্মক মূলধনের বিপরীতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রভিশন রাখার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি পুরোপুরি সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর আগেই সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের জন্য পূর্ববর্তী সিদ্ধান্তই কার্যকর থাকবে।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে চলতি বছরের বাকি সময়ে কোনো প্রতিষ্ঠানের নতুন করে ঋণাত্মক মূলধন সৃষ্টি হলে তা ২০২৬ সালের মধ্যেই সমন্বয় করতে হবে। নতুন করে সৃষ্ট এই নেগেটিভ ইক্যুইটির বিপরীতে পরবর্তী বছরগুলোতে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে সমন্বয়ের বাড়তি সময় পাওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ পুরোনো দায়ের ক্ষেত্রে সময় বাড়ানো হলেও নতুন আর্থিক ঘাটতির ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা।

নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাব পরিচালনার ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বিএসইসি। এসব হিসাবে আগে থেকে থাকা শেয়ার বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে পারবেন। তবে এ ধরনের শেয়ার কেনার জন্য কোনো নতুন মার্জিন ঋণ দেওয়া যাবে না। পাশাপাশি নেগেটিভ ইক্যুইটিযুক্ত এসব বিও হিসাবে ব্লক মার্কেটে কোনো লেনদেন করার সুযোগও থাকবে না।

এ ছাড়া নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের জন্য নির্ধারিত বর্ধিত সময়জুড়ে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা নিষিদ্ধ করেছে কমিশন। এসব হিসাবের বিপরীতে কোনো দাবি বা আর্থিক দায় তৈরি হলেও তার জন্য বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। এমনকি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ওপর কোনো ধরনের আর্থিক দায় চাপানোর সুযোগও থাকবে না। এর ফলে নেগেটিভ ইক্যুইটির কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টির পথ বন্ধ হবে।

তবে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সময় বাড়ানোর পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রেও বিধিনিষেধ দিয়েছে বিএসইসি। সিদ্ধান্ত অনুযায়ী, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করতে পারবে না। অর্থাৎ বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সম্পূর্ণ সমন্বয় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ থেকে বিরত থাকতে হবে।

বিএসইসির মতে, নতুন এই সিদ্ধান্তের ফলে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের দীর্ঘদিনের জমে থাকা নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস ধাপে ধাপে সমন্বয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, বাজারে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও এটি সহায়ক হবে। কমিশনের প্রত্যাশা, এ ধরনের সময়োপযোগী পদক্ষেপের ফলে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

এদিকে একই কমিশন সভায় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বন্ডের ক্ষেত্রে বিএসইসির সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত ছিল, কিন্তু এখনো সেগুলো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

একই সময়সীমার মধ্যে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর কিংবা তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা এবং সংশ্লিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন যাচাই করে স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে