×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আইপিও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে আসছে ওয়ান-স্টপ সিস্টেম

২০২৬ নভেম্বর ১১ ১৭:৫২:১৬
আইপিও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে আসছে ওয়ান-স্টপ সিস্টেম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কমিশন সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সংস্কারমূলক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজারের এই বহুমাত্রিক সংস্কার বিনিয়োগকারীদের হারানো আস্থা ফেরাতে এবং শেয়ারবাজারকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে আইপিও অনুমোদনের ক্ষেত্রে চলে আসা দীর্ঘসূত্রিতা ও জটিলতা দূর করতে একটি সমন্বিত ‘সিঙ্গেল উইন্ডো’ রিভিউ সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন এই ব্যবস্থায় স্টক এক্সচেঞ্জগুলো প্রধানত আইপিও আবেদনগুলো পর্যালোচনা করবে এবং পরবর্তীতে নিজেদের অনুসন্ধান ও কমিশনের পর্যবেক্ষণ একত্রিত করে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসিতে সুপারিশ পাঠাবে। প্রায় তিন বছর ধরে শেয়ারবাজারে চলা আইপিও খরা কাটিয়ে সম্প্রতি বেশ কিছু কোম্পানি তহবিল সংগ্রহের জন্য আবেদন করেছে। এমন একটি সময়ে এই নতুন উদ্যোগটি গ্রহণ করায় তা আইপিও প্রক্রিয়ার দ্বৈততা ও অপ্রয়োজনীয় জটিলতা দূর করে প্রক্রিয়াটিকে আরও সহজ, দ্রুত ও সময়সাশ্রয়ী করবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে স্টকব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘব করতে তাদের জমে থাকা নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয় করার সময়সীমা বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশলিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত থাকা নেতিবাচক ইক্যুইটির বিপরীতে আগামী ২০২৭ সাল থেকে ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন শুরু করতে হবে। তবে এই সুবিধার অপব্যবহার রোধে কিছু কঠোর শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এই বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে না এবং নেতিবাচক ইক্যুইটির হিসাবগুলোতে কোনো নতুন মার্জিন ঋণ প্রদান বা ব্লক মার্কেটে লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অন্যদিকে, বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা আরও প্রসারিত করতে অলटरनेट ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত এবং তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বন্ডগুলোকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে বন্ডের ইস্যুকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির প্রয়োজনীয় আবেদন করতে বলা হয়েছে।

পাশাপাশি, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য একই হওয়ার কারণে এতদিন ব্যাংকগুলোতে ডিভিডেন্ড অ্যাকাউন্ট বা লভ্যাংশ হিসাব পরিচালনার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা সংশোধন করে শিথিল করা হয়েছে। বিএসইসির এই সময়োপযোগী পদক্ষেপে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের লভ্যাংশ বিতরণসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজে পরিচালনা করতে সক্ষম হবে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে