×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন নির্দেশনা বিএসইসির

২০২৬ নভেম্বর ১০ ২১:১৬:৩৪
নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন নির্দেশনা বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি (Negative Equity) এবং আনরিয়েলাইজড লস (Unrealized Loss) সমন্বয়ের জন্য সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে। এ জন্য ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় চারটি শর্তও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির ১০৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যেসব প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি আগে নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা বাড়িয়েছিল, তাদের ক্ষেত্রে ওই বর্ধিত সময়সীমা আগের মতোই বহাল থাকবে।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির পরিমাণ বিবেচনায় নিয়ে ২০২৭ সাল থেকে প্রতিবছর কমপক্ষে ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির সম্পূর্ণ সমন্বয় নিশ্চিত করতে হবে।

তবে ২০২৬ সালের মধ্যে নতুন করে যে নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হবে, তার বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একই বছর প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে ওই বছরের বাকি সময়ে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে সেটি পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণের আওতায় আনা যাবে না। সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই নতুন সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে।

এদিকে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সংশ্লিষ্ট হিসাবগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দিতে কমিশন চারটি বিশেষ শর্ত আরোপ করেছে।

প্রথমত, নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও (BO) হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ ব্যবহার করে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস (Rebalancing) করা যাবে। তবে এ ধরনের শেয়ার কেনার বিপরীতে নতুন কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। পাশাপাশি এসব বিও হিসাবের কোনো লেনদেন ব্লক মার্কেটে সম্পন্ন করা যাবে না।

দ্বিতীয়ত, প্রভিশন সংরক্ষণ ও নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের পুরো সময়কালে সংশ্লিষ্ট বিও হিসাবের বিপরীতে কোনো মার্জিন ঋণের সুদ (Interest) কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি (Portfolio Management Fee) আরোপ করা যাবে না।

তৃতীয়ত, নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবগুলোর বিপরীতে সৃষ্ট কোনো দাবি কিংবা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। একইভাবে এসব দায়ের বিপরীতে বিনিয়োগকারীদের ওপর কোনো ধরনের আর্থিক দায় চাপানোও নিষিদ্ধ করা হয়েছে।

চতুর্থত, বর্ধিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ (Cash Dividend) ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

কমিশনের মতে, এ সিদ্ধান্তের ফলে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।

এটিবির বন্ড মূল বোর্ডে তালিকাভুক্তির নির্দেশনা

নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময় বাড়ানোর পাশাপাশি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তি না হওয়া এবং বর্তমানে এটিবিতে লেনদেন হওয়া বন্ডগুলোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বন্ডের ক্ষেত্রে বিএসইসির সম্মতিপত্রে (Consent Letter) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তির শর্ত রয়েছে, কিন্তু এখনো সেসব বন্ড এটিবিতে তালিকাভুক্ত করা হয়নি, ওই বন্ডের ইস্যুয়ার কোম্পানিগুলোকে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

একই সঙ্গে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলোকে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা (Listing Regulations) এবং প্রয়োজনীয় তালিকাভুক্তির শর্ত (Listing Requirement) অনুসরণ করতে হবে। এসব বিধিবিধান মেনে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন পর্যালোচনা এবং বন্ড স্থানান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আইপিও পর্যালোচনায় চালু হচ্ছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি

এদিকে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়াকে আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ (Single Window Review) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

নতুন পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানির আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ (Observation) থাকলে তা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে জানাতে পারবে।

এরপর স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের দেওয়া পর্যবেক্ষণগুলোও পর্যালোচনা ও বিবেচনা করবে। সবকিছু যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ জমা দেবে স্টক এক্সচেঞ্জ।

অর্থাৎ নতুন ব্যবস্থায় আইপিও আবেদন পর্যালোচনার পুরো প্রক্রিয়া সিঙ্গেল উইন্ডো পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন হবে। বিএসইসির প্রত্যক্ষ পর্যবেক্ষণও এ প্রক্রিয়ায় যুক্ত থাকবে।

কমিশনের প্রত্যাশা, নতুন এ পদ্ধতি চালুর ফলে আইপিও অনুমোদন প্রক্রিয়া কোম্পানিগুলোর জন্য আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি আবেদন পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক কার্যক্রম আগের তুলনায় দ্রুত, সমন্বিত ও গতিশীল হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে