×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৬ নভেম্বর ০৮ ১১:৩৫:২২
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। আর অনলাইনে আবেদন কার্যক্রম ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে।

শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে আগামী ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া আগামী ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরুর বিষয়ে অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, আগামী দু-একদিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

ফলে পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে