×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ

২০২৬ নভেম্বর ০৭ ১৮:২৭:৩৭
পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সমকালের এক সাংবাদিককে হেনস্তার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সাংবাদিক নিপীড়ন ও মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি ভুক্তভোগী সাংবাদিকের প্রতি পূর্ণ সহমর্মিতা ও সংহতি জ্ঞাপন করেছেন।রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই অবস্থানের কথা জানান।

বক্তব্যের শুরুতেই সমকালের সাংবাদিককে হেনস্তার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন,“এখানে সমকালের একজন সাংবাদিক ভাই উপস্থিত আছেন, যাকে কিছুদিন আগে হেনস্তা করা হয়েছে। আমরা সাংবাদিক নিপীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেকোনো হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই। ওই সাংবাদিক ভাইয়ের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা রয়েছে। তাঁকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত একটি কাজ।”

তিনি দৃঢ়ভাবে বলেন, মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতার ওপর যারাই আঘাত হানবে, তাঁদের বিরুদ্ধে ছাত্র-জনতা অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন অবস্থান নেবে।

বক্তব্যে গণমাধ্যমের অভ্যন্তরীণ স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার ওপর জোর দিয়ে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা এজেন্সির তথ্যকে অন্ধভাবে প্রচার করার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন:গণমাধ্যমকে অবশ্যই রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার প্রভাব ও হস্তক্ষেপ থেকে মুক্ত হতে হবে।

এজেন্সি থেকে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের সংস্কৃতি গণতন্ত্রকে পিছিয়ে দেয়।সাংবাদিকদের নিজেদের পেশাগত সম্মান ও নীতি অক্ষুণ্ণ রেখে দেশের মানুষের পক্ষে সত্য সংবাদ তুলে ধরতে হবে।

আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ দেশের নাগরিক অধিকার ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোর বর্তমান দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন,“ঢাকা মেডিকেলে গিয়ে দেখুন চিকিৎসার কী অবস্থা! যাত্রীসেবার কী অবস্থা! রাষ্ট্র নাগরিককে কীভাবে নিষ্পেষণ করে—তার জ্বলন্ত উদাহরণ এই ব্যবস্থা।”

আন্দোলনের পর রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তন ও নতুন সুবিধাভোগী শ্রেণি তৈরির সমালোচনা করে তিনি বলেন, শুধু কয়েকজন ব্যক্তির মন্ত্রী-এমপি হওয়া বা ক্ষমতার পালাবদল আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল না।

তিনি সতর্ক করে বলেন, সাধারণ মানুষ যদি দিনশেষে নিজেদের বঞ্চিত ও প্রতারিত মনে করে, তবে কোনো সরকারই টিকতে পারবে না। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি—প্রতিটি খাতে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে ব্যর্থতার দায় নিতে হবে।

পরিশেষে হাসনাত আবদুল্লাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার আদায়ের এই লড়াই কঠিন হলেও তাঁরা কোনোভাবেই থেমে যাবেন না এবং জনগণকে সঙ্গে নিয়েই একটি কার্যকর ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে