×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর

২০২৬ নভেম্বর ০৫ ১৬:৩৭:৪২
ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের এক আদিবাসী পরিবারে বেড়ে ওঠা তরুণী অ্যাঞ্জেলা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করেছেন। ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা থেকে শুরু করে নানা ধর্মের বিশ্বাস ও রীতিনীতি অনুসন্ধান—সবকিছুর মধ্য দিয়ে তিনি খুঁজেছেন সৃষ্টিকর্তা ও আত্মিক জীবনের প্রকৃত অর্থ। অবশেষে ইসলামের শিক্ষার মধ্যে নিজের দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খুঁজে পান তিনি। ইসলাম গ্রহণের পর তাঁর উপলব্ধি, জীবনের অনেকটা সময় তিনি এমন কিছু বিশ্বাস ও অনুশীলনের মধ্যেই কাটিয়েছেন, যেগুলোর সঙ্গে ইসলামের শিক্ষার গভীর মিল রয়েছে।

সম্প্রতি ‘অ্যাবাউট ইসলাম’কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে নিজের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন মার্কিন তরুণী অ্যাঞ্জেলা। সেখানে তিনি জানান, তাঁর ইসলামের পথে যাত্রা শুরু হয়েছিল মূলত শৈশবের আধ্যাত্মিক পরিবেশ, পারিবারিক শিক্ষা এবং সৃষ্টিকর্তাকে জানার আগ্রহ থেকে।

অ্যাঞ্জেলা বলেন, তাঁর শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রের একটি আদিবাসী সংরক্ষিত এলাকায় (নেটিভ আমেরিকান রিজার্ভেশন)। তাঁর পরিবার ছিল অত্যন্ত আধ্যাত্মিক। ছোটবেলা থেকেই দাদা-দাদির কাছ থেকে সৃষ্টিকর্তা, প্রার্থনা ও জীবনযাপনের নানা শিক্ষা শুনে বড় হয়েছেন তিনি।

তাঁর ভাষায়, পরিবারের বয়োজ্যেষ্ঠরা সব সময় শেখাতেন, মানুষের প্রতিটি কাজ ও পদক্ষেপ যেন প্রার্থনার মতো হয়। অর্থাৎ শুধু নির্দিষ্ট সময়ে প্রার্থনা নয়, বরং পুরো জীবনকেই সৃষ্টিকর্তার স্মরণে পরিচালিত করা উচিত।

অ্যাঞ্জেলার বয়স যখন ১০ বছর, তখন তাঁকে অন্য আদিবাসী শিশুদের সঙ্গে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে প্রায় দুই বছর কাটান তিনি। তবে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষা ও বিশ্বাসের সঙ্গে নিজেকে মেলাতে পারেননি।

তিনি জানান, ওই সময়টাতে ক্যাথলিক ধর্ম সম্পর্কে জানার সুযোগ হলেও নিজের বিশ্বাসের সঙ্গে এর মিল খুঁজে পাননি। বরং তখনই তাঁর মনে হয়, তিনি ক্যাথলিক নন।

পরবর্তী সময়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষ তাঁকে ধর্মীয় পরিচয় সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। কিন্তু নিজের ধর্ম কী, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারতেন না অ্যাঞ্জেলা।

তিনি বলেন, তাঁদের পরিবারে আধ্যাত্মিক চর্চা ছিল দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সেই জীবনধারার কোনো নির্দিষ্ট ধর্মীয় নাম ছিল না। ফলে নিজের ধর্মীয় পরিচয় নিয়ে একসময় বিভ্রান্তিতে পড়েন তিনি।

নিজের প্রশ্নের উত্তর খুঁজতে একপর্যায়ে বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা শুরু করেন অ্যাঞ্জেলা। যে ধর্ম সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন, সেটি বোঝার চেষ্টা করেছেন আগ্রহ নিয়ে।

তবে বিভিন্ন ধর্মের বিশ্বাস ও মতবাদ সম্পর্কে জানতে গিয়ে অনেক বিষয় তাঁর কাছে অস্পষ্ট মনে হয়েছে। তাঁর মনে প্রশ্ন জেগেছে, সৃষ্টিকর্তা ও মানুষের সম্পর্ক কী এবং মানুষ কীভাবে তাঁর ইবাদত করবে?

অ্যাঞ্জেলার ভাষ্য অনুযায়ী, তিনি কখনোই নিজেকে সৃষ্টিকর্তার সমতুল্য ভাবতে পারেননি। তাই কিছু ধর্মীয় ধারণা তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

এভাবেই চলছিল তাঁর অনুসন্ধান। এর মধ্যে একসময় একজন মুসলিম ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় ইসলামের কিছু বিষয় তাঁর কাছে পরিচিত মনে হতে শুরু করে।

অ্যাঞ্জেলা বলেন, ওই মুসলিম ব্যক্তির জীবনযাপন ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে নিজের শৈশবের অনেক অভ্যাসের মিল খুঁজে পান তিনি। বিষয়টি তাঁকে ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহী করে তোলে।

এরপর ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে বিস্তারিত পড়াশোনা শুরু করেন অ্যাঞ্জেলা। ইসলামের একত্ববাদ, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য এবং দৈনন্দিন জীবনে ধর্মীয় অনুশীলনের বিষয়গুলো তাঁর কাছে অর্থবহ মনে হতে থাকে।

একদিন একটি মুদি দোকানে পুরোনো বইয়ের একটি স্তূপ দেখতে পান তিনি। সেখানে ইসলামবিষয়ক বেশ কয়েকটি বই ছিল। বইগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান এবং মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন।

পরে পবিত্র কোরআন পড়ার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলা। তবে শুরুতে কিছু বিষয়ে তাঁর অস্বস্তি ও প্রশ্ন তৈরি হয়েছিল। কারণ, কোরআনের কিছু বক্তব্য তাঁর দাদা-দাদির কাছ থেকে শোনা বিশ্বাস ও ধারণার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছিল না।তবুও পড়াশোনা বন্ধ করেননি তিনি। বরং ধীরে ধীরে কোরআনের শিক্ষা বোঝার চেষ্টা চালিয়ে যান।

অ্যাঞ্জেলার মতে, কোরআন পড়তে গিয়ে একসময় তাঁর কাছে অনেক বিষয় পরিষ্কার হতে শুরু করে। তিনি উপলব্ধি করেন, শৈশব থেকে যেসব আধ্যাত্মিক শিক্ষা ও জীবনাচরণের মধ্যে তিনি বড় হয়েছেন, সেগুলোর অনেক কিছুর সঙ্গে ইসলামের শিক্ষার মিল রয়েছে।নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অ্যাঞ্জেলা বলেন, একসময় তাঁর মনে হয়েছে, তিনি যেন সারা জীবন ধরেই ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেক বিষয় অনুসরণ করে আসছিলেন, অথচ আগে তা জানতেন না।

ইসলামের শিক্ষা সম্পর্কে জানার পর তাঁর দীর্ঘদিনের আত্মিক অনুসন্ধান নতুন দিশা পায়। ধীরে ধীরে ইসলামের প্রতি বিশ্বাস ও আগ্রহ আরও গভীর হয় এবং শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন তিনি।

অ্যাঞ্জেলার এই অভিজ্ঞতা তুলে ধরে ‘অ্যাবাউট ইসলাম’-এর ভিডিও সাক্ষাৎকারটি। সেখানে তাঁর বক্তব্যে উঠে এসেছে, কীভাবে শৈশবের পারিবারিক শিক্ষা, বিভিন্ন ধর্ম সম্পর্কে অনুসন্ধান, একজন মুসলিমের সঙ্গে পরিচয় এবং পবিত্র কোরআন পাঠ তাঁর জীবনদর্শনে পরিবর্তন এনেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে