×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার

২০২৬ অক্টোবর ২৯ ১৯:২২:৩৩
বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও লেনদেনসংক্রান্ত বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনাগুলো এক নথিতে সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একটি সমন্বিত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বিনিময় হার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার লেনদেন, আমদানি বাণিজ্যে ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভার্চুয়াল মুদ্রাসংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে এটি জারি করা হয়েছে। এর মাধ্যমে ‘গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন-২০১৮’-এর প্রথম খণ্ডে থাকা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমসংক্রান্ত বিদ্যমান নির্দেশনা এবং পরবর্তী সময়ে জারি করা সংশ্লিষ্ট সার্কুলারগুলো রহিত করা হয়েছে। তবে গাইডলাইনের দ্বিতীয় খণ্ডে মাসিক প্রতিবেদন দাখিলসংক্রান্ত নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

নতুন সার্কুলারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও প্রতিবেদন দাখিল, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর লেনদেন এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে অর্থ পরিশোধ ও নিষ্পত্তির নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা, ওপেন পজিশন সীমা, নস্ট্রো হিসাব সমন্বয়, ফরওয়ার্ড লেনদেন ও সোয়াপসংক্রান্ত নির্দেশনাও এতে স্থান পেয়েছে।

আমদানি বাণিজ্যে পণ্যমূল্যের ওঠানামার কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় হেজিংসংক্রান্ত নির্দেশনা যুক্ত করা হয়েছে সার্কুলারে। পাশাপাশি ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর এবং লেনদেনের ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এ সময় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা সমন্বিত সার্কুলারের সঙ্গে মিলিয়ে অনুসরণ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা এক জায়গায় সংকলিত হওয়ায় বৈদেশিক মুদ্রাসংক্রান্ত বিধিবিধান খুঁজে পাওয়া এবং তা অনুসরণ করা সহজ হবে। এতে অনুমোদিত ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায়ও সুবিধা হতে পারে।

সাদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে