×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার

২০২৬ অক্টোবর ২৯ ১৪:৩১:৪৫
তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার

নিজস্ব প্রতিবেদক: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন এক জুনিয়র সহকর্মীর ডাকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। যাওয়ার আগে মাকে জানিয়েছিলেন, একটু কথা বলে ফিরে আসবেন। রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষবারের মতো ‘আম্মু, আমি আসছি’ লিখে বার্তা পাঠান তিনি। পরে উত্তরার রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসব তথ্য জানিয়েছেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তাহসিফের বাবা জানান, নিখোঁজ হওয়ার দিন প্রায় পুরো সময় মায়ের সঙ্গে ছিলেন তাহসিফ। পরিবারের সদস্যদের জন্য কেনাকাটাও করেছিলেন তিনি। সন্ধ্যার পর দীপ নামে এক জুনিয়র সহকর্মী বাসার নিচ থেকে ডাকলে মাকে জানিয়ে বাইরে যান তাহসিফ। এরপর আর বাসায় ফেরেননি, পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তাহসিফের বাবা জানান, রাত ১টা ৩৫ মিনিটে ছেলের কাছ থেকে ‘আম্মু, আমি আসছি’ লেখা একটি বার্তা পেয়েছিলেন তারা। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোর সোয়া ৫টার দিকে পুলিশের কাছ থেকে ছেলের মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে পারেন।

তিনি আরও জানান, রাজাবাড়ী ঘাট এলাকায় এর আগে কখনো যাননি তাহসিফ। বিমানবাহিনীর পক্ষ থেকে তাকে শৃঙ্খলাজনিত কারণে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছিল। ওই সময় আরও কয়েকজনকে বরখাস্ত করা হয়। পরে তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জের নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, তাহসিফের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।

পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে ওঠার একটি ভিডিও তাহসিফ ছড়িয়ে দিয়েছিলেন বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তাহসিফের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে