×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ

২০২৬ অক্টোবর ২৫ ২০:৩৯:২৫
শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিভিন্ন ধরনের কারসাজি, অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্তের ক্ষেত্রে আরও বেশি বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্ত প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য-উপাত্ত ও প্রমাণ উপস্থাপনের পাশাপাশি তদন্তের উদ্দেশ্য ও পদ্ধতির নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে কমিশন।

রোববার (২৫ অক্টোবর) ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এ নির্দেশনা দেন। বৈঠকে বিএসইসির কমিশনার নাফিজ তারিক, নির্বাহী পরিচালক শেখ মাহবুবুর রহমান, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে ডিএসইর মনিটরিং ও তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, শেয়ারবাজারে যেকোনো ধরনের অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে বিএসইসি। তবে অধিকাংশ ক্ষেত্রে ডিএসইর তদন্ত প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় প্রমাণের অভাব দেখা যায়। ফলে এসব প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

এ অবস্থায় তদন্ত কার্যক্রমে বস্তুনিষ্ঠতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন মাসুদ খান। তিনি শুধু তদন্ত পরিচালনার জন্য তদন্ত না করা এবং কোনো তদন্ত যেন উদ্দেশ্যপ্রণোদিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার তাগিদ দেন।

বৈঠকে লেনদেনসংক্রান্ত তথ্য এবং বিনিয়োগকারীদের ব্যক্তিগত তথ্য চাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি গণহারে লেনদেন ও বিনিয়োগকারীদের তথ্য চাওয়া থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, প্রয়োজনের ভিত্তিতে তথ্য চাওয়া হলেও তা যেন শেয়ারবাজারে অযথা আতঙ্ক সৃষ্টি না করে, সে বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশনা দেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে