×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা

২০২৬ অক্টোবর ২৫ ১৭:৩৭:৫৮
সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে একের পর এক সমুদ্রসৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং সামুদ্রিক পরিবেশের নিরাপত্তা নিয়ে পর্যালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাস আল-খাইমাহ অঞ্চলের সব সৈকত বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি।

শনিবার (২৪ অক্টোবর) রাস আল-খাইমাহ পুলিশের জেনারেল হেডকোয়ার্টার্সের প্রকাশিত এক বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই অঞ্চলের সব সমুদ্রসৈকত বন্ধ রাখার কথা জানানো হয়।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত সরকার সমুদ্রে একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছিল। এরপর দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় পরিস্থিতি পর্যালোচনা শুরু করে। তবে সৈকত বন্ধের সিদ্ধান্তের সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কারিগরি বিশেষজ্ঞদের মূল্যায়ন শেষ না হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সামুদ্রিক সুরক্ষাব্যবস্থা নির্ধারণ না করা পর্যন্ত উম আল-কুওয়াইনের আশপাশের সৈকত ও উপকূলীয় এলাকা বন্ধ থাকবে।

এ সময় জেলে ও অন্যান্য সমুদ্র ব্যবহারকারীদের সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, শারজাহ সরকারের মিডিয়া ব্যুরো জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আল হামরিয়া সৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সৈকতটি উম আল-কুওয়াইনের সীমান্তসংলগ্ন উত্তর উপকূলীয় এলাকায় অবস্থিত।

এদিকে, শারজাহ, আজমান ও উম আল-কুওয়াইনের কয়েকটি এলাকার বাসিন্দারা বাতাসে তীব্র ও অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়ার অভিযোগ করেছেন। তবে দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি শনাক্ত হয়নি।

সৈকত বন্ধ, সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং উপকূলীয় এলাকায় দুর্গন্ধের অভিযোগের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মূল্যায়ন ও পরবর্তী নির্দেশনার ভিত্তিতে সৈকতগুলো পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ অঞ্চল মনোরম সমুদ্রসৈকত ও বিলাসবহুল অবকাশকেন্দ্রের জন্য পরিচিত। এ অঞ্চলের আল মারজান দ্বীপে উইন রিসোর্টসের একটি প্রস্তাবিত রিসোর্ট প্রকল্পও রয়েছে।

লাস ভেগাসভিত্তিক রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান উইন রিসোর্টস ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রথম বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায়। প্রতিষ্ঠানটি চলতি বছরের ফেব্রুয়ারিতে জানিয়েছিল, ২০২৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে রিসোর্টটি চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তবে সৈকত বন্ধের কারণে পর্যটন কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে