×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফল প্রকাশের তারিখ নিয়ে পরীক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড

২০২৬ অক্টোবর ২৩ ১২:২৪:১০
ফল প্রকাশের তারিখ নিয়ে পরীক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বিজ্ঞপ্তিকে ভুয়া বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের তারিখ ও সময় উল্লেখ করে প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সম্পর্ক নেই।

কমিটি জানিয়েছে, এইচএসসি পরীক্ষা ও ফল প্রকাশসংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি এবং নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই ফল প্রকাশের তারিখ জানতে পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণ করতে হবে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ মানুষকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময় সম্পর্কে প্রচারিত কোনো তথ্যকে নিশ্চিত বলে ধরে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে