×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য

২০২৬ অক্টোবর ২৩ ১১:২৮:৪০
রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত দিন পেরিয়ে গেলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, রিসোর্টের নিচতলায় থাকা একটি ফ্রিজে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ এবং গুদামে দাহ্য রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ১৭ অক্টোবর সকালে উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন মেরিন ড্রাইভের পাশে অবস্থিত তিনতলা টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট থেকে ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে আগুন লাগার কারণ এবং রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রিসোর্টের নিচতলায় থাকা একটি ফ্রিজে প্রথমে শর্টসার্কিট হয়ে থাকতে পারে। এরপর আগুন ছড়িয়ে পড়ার একপর্যায়ে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আগুনের তীব্রতা আরও বেড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রিসোর্টের গুদামে দাহ্য রাসায়নিক পদার্থ মজুত ছিল বলেও জানা গেছে। তীব্র বাতাস ও রিসোর্টের কাঠের অবকাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে গুদামে ঠিক কী ধরনের রাসায়নিক পদার্থ রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানিয়েছেন, আগুনের সূত্রপাত নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সব তথ্য যাচাই করে প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে আরও সময় প্রয়োজন।

অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও রিসোর্টের মালিক মো. তানভীর সুলতান মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। রিসোর্টের আরেক মালিক নেওয়াজ মোরশেদসহ অন্যরাও আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত রিসোর্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি।

তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ, রিসোর্টের গুদামে দাহ্য রাসায়নিক পদার্থ রাখার বিষয়টি এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা স্পষ্ট হওয়ার কথা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফ্রিজের শর্টসার্কিটকেই আগুনের নিশ্চিত কারণ হিসেবে দেখার সুযোগ নেই।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে