×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড় 

২০২৬ অক্টোবর ১৩ ১৮:০০:৫২
বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড় 

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগর বর্তমানে কেবল বাংলাদেশের একটি বিশাল জলরাশি নয়, বরং এটি জ্বালানি, বন্দর, বাণিজ্য এবং ভূ-রাজনীতির এক গুরুত্বপূর্ণ মিলনস্থলে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বের কারণে বিশ্ব রাজনীতির পরাশক্তি যেমন—চীন, আমেরিকা, জাপান ও ভারতের নজর এখন এই অঞ্চলের দিকে। এই প্রতিযোগিতামূলক বাজারে এবার যুক্ত হচ্ছে নেদারল্যান্ডস।

বাংলাদেশের সামুদ্রিক খাতের অপার সম্ভাবনা ও সম্পদের খোঁজে ১৪টি ডাচ কোম্পানি একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছে। ঢাকাস্থ ডাচ রাষ্ট্রদূত জোরাল ভ্যান বোমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের পাশাপাশি পরিবেশবান্ধব বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস, পানি ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে তারা বিনিয়োগে আগ্রহী। নেদারল্যান্ডসের জন্য রটারডাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক অর্থনৈতিক অভিজ্ঞতা থাকায়, বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’ বিকাশে তাদের এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি নিরাপত্তা ও শিল্পের কাঁচামাল। বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর তেল ও গ্যাসের সম্ভাবনা রয়েছে, যা দেশের শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের চাপ কমাতে সহায়ক হতে পারে। সরকার ইতিমধ্যেই অফশোর বিডিং রাউন্ডের মাধ্যমে ২৬টি ব্লকে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে। ডাচ বিনিয়োগ এই খাতের উন্নয়নে নতুন গতির সঞ্চার করতে পারে।

পাশাপাশি, চট্টগ্রাম ও মোংলা বন্দরকে ঘিরে গড়ে ওঠা আধুনিক অবকাঠামো এই অঞ্চলটিকে সামুদ্রিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত করেছে। ভারত, চীন ও মিয়ানমারের উপকূল ঘেঁষে বঙ্গোপসাগরের এই ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের সংযোগ রক্ষা করে।

বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগরকে কেবল আঞ্চলিক প্রভাববলয়ের অংশ হিসেবে দেখলে ভুল হবে। এটি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক দুয়ার। যদি নেদারল্যান্ডসসহ অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অংশীদারদের সাথে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানো যায়, তবে বঙ্গোপসাগর কেবল প্রতিযোগীতার ক্ষেত্র না হয়ে বাংলাদেশের জন্য অর্থনৈতিক শক্তির উৎসে পরিণত হবে। ডাচদের এই উদ্যোগকে তাই কেবল একটি ব্যবসায়িক সফর হিসেবে না দেখে বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতিতে একটি নতুন দুয়ার উন্মোচন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে