×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

২০২৬ অক্টোবর ১১ ২০:১৪:২৪
শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগ করে আর্থিক ক্ষতির ঝুঁকি কমাতে অন্যের পরামর্শ বা সিদ্ধান্তের ওপর নির্ভর না করে নিজের বিনিয়োগের হিসাব নিজে রাখা এবং যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) মহাপরিচালক কামরুল আনাম খান। তিনি বলেন, বিনিয়োগের অর্থ যেহেতু নিজের, তাই চূড়ান্ত সিদ্ধান্তও নিজের বিবেচনায় নেওয়া উচিত।

বিনিয়োগের আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করা এবং অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ডিজিটাল প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

রোববার (১১ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘স্মার্ট ইনভেস্টিং: ইনভেস্টর অ্যাওয়ারনেস, মার্কেট ইন্টেগ্রিটি অ্যান্ড ফ্রড প্রিভেনশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) উদ্যোগে আয়োজিত এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। এ কর্মসূচির বৈশ্বিক প্রচারণার স্লোগান হচ্ছে ‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সেমিনারটির আয়োজন করা হয়।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএসএমের মহাপরিচালক এফসিএমএ কামরুল আনাম খান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম।

বিশেষ অতিথির বক্তব্যে কামরুল আনাম খান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট চিন্তাভাবনা ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিনিয়োগকারীদের নিজেদের বিনিয়োগের হিসাব নিজেরাই সংরক্ষণ করতে হবে। অন্যের পরামর্শে প্রভাবিত হয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ, অর্থ নিজের হলে সেই অর্থ কোথায় এবং কীভাবে বিনিয়োগ করা হবে, সে সিদ্ধান্তও নিজের নেওয়া প্রয়োজন। অন্যের সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের এবারের প্রতিপাদ্য বাংলাদেশের শেয়ারবাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের প্রতারণার ঘটনা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে হবে এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাজারে প্রতারণা বন্ধ করা সম্ভব হলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা সহজ হবে।

সেমিনারের সভাপতি বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ তাঁর বক্তব্যে বলেন, দেশের শেয়ারবাজারে অনেক বিনিয়োগকারী স্বল্প সময়ের মধ্যে বিনিয়োগ করে দ্রুত মুনাফা অর্জনের প্রত্যাশা করেন। তবে শেয়ারবাজার মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র। ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকে।

অনুষ্ঠানে উপস্থাপিত মূল প্রবন্ধের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেমিনারের আলোচকরা। এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন ছাড়াও বিআইসিএম ও বিএএসএমের অনুষদ সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে