×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত

২০২৬ অক্টোবর ১৩ ১৭:৪৭:২৩
সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্রের প্রচার সংখ্যা ও প্রকাশনার স্থানভেদে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করেছে সরকার। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের জন্য পৃথক বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন মূল্যহার অনুযায়ী, সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি বিজ্ঞাপনের মূল্যও নির্দিষ্ট হারে বাড়বে। এ ছাড়া বিভিন্ন মেয়াদে প্রকাশিত পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপন হারও পুনর্নির্ধারণ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে বিজ্ঞাপনের হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৭ টাকা করে হার বাড়বে। ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যার ক্ষেত্রে প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজারের ক্ষেত্রে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়বে। প্রচার সংখ্যা ৯০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের জন্যও আলাদা মূল্যহার নির্ধারণ করা হয়েছে। এসব সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা। প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা এবং ৫০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা। প্রচার সংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে প্রকাশনার স্থান ও প্রচার সংখ্যার ভিত্তিতে সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণের কাঠামোতে পরিবর্তন এসেছে। তবে নতুন হার কার্যকর হওয়ার বিস্তারিত সময়সূচি সম্পর্কে প্রকাশিত তথ্যে আলাদা করে কিছু উল্লেখ করা হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে