×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি

২০২৬ অক্টোবর ০৭ ১০:২০:০০
‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি

নিজস্ব প্রতিবেদক: এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি অডিও-ভিজ্যুয়াল নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তার দাবি, তার অনুমতি বা সম্পৃক্ততা ছাড়াই কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কণ্ঠ ও গান তৈরি করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তাসরিফ খান জানান, ভিডিওটি তাকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে তিনি মনে করছেন। এ ঘটনায় শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তাসরিফ বলেন, ‘আমি সম্ভবত আজ বা আগামীকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করব।’

ভাইরাল হওয়া গানটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে প্রায় নিশ্চিত তাসরিফ খান। তার ভাষ্য, গানটির সঙ্গে তার কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করা হলেও অডিওটি তার নিজের কোনো প্রকৃত গান বা কম্পোজিশন নয়।

তিনি বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতে পারে না।’

তাসরিফের অভিযোগ, তার কনসার্টের দৃশ্য ও ফুটেজের সঙ্গে এআই-সংশ্লেষিত কণ্ঠ যুক্ত করে এমন একটি কনটেন্ট তৈরি করা হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিতর্কে জড়ানোর জন্যই এটি করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

তাসরিফ খান মনে করছেন, বিষয়টি শুধু ব্যক্তিগত হয়রানির মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

তার দাবি, ভিডিওটিতে সরকারকে নিয়ে মানহানিকর বক্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফলে একই সঙ্গে সরকারকে বিতর্কিত করা এবং তাকে ওই বক্তব্যের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন তিনি।

তাসরিফ বলেন, ‘মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে সরকারকে হেয় করা হচ্ছে, আবার আমার ছবি ব্যবহার করে আমাকেও এর সঙ্গে জড়ানো হচ্ছে।’

তাসরিফ জানান, শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি পুনরায় আপলোড করা হয়। ফলে সাধারণ কনটেন্ট রিপোর্টিংয়ের মাধ্যমে ভিডিওটির বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একাধিক পেজে একই কনটেন্ট ছড়িয়ে পড়ায় সেটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে ভিডিওটির প্রচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তাসরিফ খান। এ কারণেই জিডি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে