×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার

২০২৬ সেপ্টেম্বর ২৮ ২০:৩৩:২২
জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভারতের মধ্যপ্রদেশে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর নিধি তিওয়ারির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। গত ২৬ সেপ্টেম্বর ভূসা মোড়ে নিজ বাড়ি থেকে ৩০ বছর বয়সী এই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিধির মৃত্যুর পরিস্থিতি নিয়ে পরিবারের সদস্যদের বক্তব্যের পর বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। স্বজনদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় নিধি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। মৃত্যুর আগে তিনি কার সঙ্গে এবং কী বিষয়ে কথা বলেছিলেন, তা এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে নিধির মৃত্যুকে আত্মহত্যা হিসেবে নিশ্চিতভাবে দেখার সুযোগ নেই। তার মোবাইল ফোনের কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা করা হচ্ছে। মৃত্যুর আগে তার সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মোরওয়া থানার ইনচার্জ ড. জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন, নিধির পরিবার, বন্ধু, পরিচিতজন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সময়কার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিধির স্বপ্ন ছিল অভিনয় ও চলচ্চিত্র জগতে নিজের অবস্থান তৈরি করা। সেই লক্ষ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। মডেলিং, বিভিন্ন অনুষ্ঠান এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে অল্প সময়ের মধ্যে নিজের একটি পরিচিতি গড়ে তুলেছিলেন এই তরুণী।

ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে নিধির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। ফেসবুকে প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ অনুসারী ছিল তার। নিয়মিত ছবি, ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করতেন তিনি। এসব পোস্টে নিয়মিতই বিপুলসংখ্যক প্রতিক্রিয়া ও ভিউ পাওয়া যেত।

২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব অর্জনের পর মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ার নিয়ে আরও সক্রিয় হয়ে ওঠেন নিধি। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিনোদন জগতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি।

তবে হঠাৎ তার মৃত্যুতে সেই স্বপ্নের পথ থেমে গেছে। এখন মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনার আগে তার সঙ্গে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তে মোবাইল ফোন ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের পাশাপাশি পরিবারের সদস্য ও পরিচিতদের বক্তব্যও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিধির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে