×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ

২০২৬ নভেম্বর ১৭ ১৪:৫৫:৪২
সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের চাপ কাটিয়ে দেশের শেয়ারবাজারে আবারও ইতিবাচক প্রবণতা দেখা দিতে শুরু করেছে। গত দুই কর্মদিবসে সূচক ও লেনদেন বাড়লেও শেয়ারদর বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের অসামঞ্জস্য ছিল। তবে আজ সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ার পাশাপাশি প্রধান সূচক ও লেনদেনের পরিমাণও বেড়েছে। ফলে বাজারে ইতিবাচক পরিবেশ ফিরে আসার ইঙ্গিত মিলছে। তবে এই ধারা ধরে রেখে বাজারে টেকসই স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছিল। ধারাবাহিক উত্থানে প্রধান সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। তখন আরও এক-দুই দিন উত্থান অব্যাহত থাকলে সূচকটি ৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করতে পারত। কিন্তু পরবর্তী সময়ে ধারাবাহিক দরপতনে সূচক ও লেনদেন উভয়ই কমে যায়।

তাদের বিশ্লেষণে, সাম্প্রতিক সময়ে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো আস্থার ঘাটতি রয়েছে। দীর্ঘ দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে বাজারের বর্তমান ইতিবাচক প্রবণতা অব্যাহত রেখে প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়লে বাজারের লেনদেন ও সার্বিক কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে।

এদিকে, আজ ১৭ নভেম্বর সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও টাকার অঙ্কে লেনদেন উভয়ই বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় সূচকটির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৬.৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫.৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮.০১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৫টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দরবৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা দরপতনের তালিকার তুলনায় তিন গুণেরও বেশি।

লেনদেনের চিত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। আজ ডিএসইতে মোট ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৩৪ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেনের পরিমাণ কমেছে। দিনটিতে এক্সচেঞ্জটিতে মোট ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দাম বেড়েছে, ৬১টির কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.০৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৮.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগের কর্মদিবসেও সূচকটি ৪৭.৭৩ পয়েন্ট বেড়েছিল।

সব মিলিয়ে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশেষ করে ডিএসইতে সূচক, লেনদেন ও দরবৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা একসঙ্গে বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এই ইতিবাচক প্রবণতা কতটা ধারাবাহিক হয় এবং বিনিয়োগকারীদের হারানো আস্থা কত দ্রুত ফিরে আসে, সেটিই এখন শেয়ারবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে