×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য

২০২৬ সেপ্টেম্বর ২০ ০৯:১৬:২০
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সফরটি হবে মাত্র ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের। ২১ সেপ্টেম্বর যাত্রা করে আগামী ২৬ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরের কর্মসূচিতে বড় ধরনের সংক্ষিপ্ততা আনা হয়েছে। আগে নির্ধারিত দীর্ঘ সময়ের সফর কমিয়ে পাঁচ দিনে নামিয়ে আনার পাশাপাশি সফরসঙ্গীর সংখ্যাও সীমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী জানিয়েছেন, রাষ্ট্র ও জনগণের অর্থের অপচয় রোধে সফর সংক্ষিপ্ত করার পাশাপাশি সফরসঙ্গীর সংখ্যাও কমানো হয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ২৪ জনের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা বেড়ে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ জন হতে পারে। সফরসঙ্গীদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং, ব্যক্তিগত স্টাফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কূটনীতিক এবং নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন বলে জানানো হয়েছে।

এবারের সফরে পূর্বনির্ধারিত কিছু কর্মসূচিও বাতিল করা হয়েছে। এর মধ্যে সানফ্রানসিসকো সফরও রয়েছে। ফলে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রীর এবারের বিদেশ সফরের মূল কার্যক্রম সীমিত থাকছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। প্রায় চার দশক পর একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই অধিবেশনে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মধ্যেও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। নাগরিক সংবর্ধনার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন।

সব মিলিয়ে এবারের জাতিসংঘ সফরে সময় ও সফরসঙ্গীর সংখ্যা কমিয়ে তুলনামূলক ছোট পরিসরে কর্মসূচি সাজানো হয়েছে। পাঁচ দিনের এই সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রমই প্রধান বিষয় হিসেবে থাকছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে