×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা

২০২৬ সেপ্টেম্বর ২০ ০৮:১১:০৯
ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে নামাজরত অবস্থায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে শাশুড়ি ও শ্বশুরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ৩ নম্বর দাড়িয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রুমানা আক্তার, তার মা মাহমুদা বেগম এবং বাবা মো. মিন্টু। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দাড়িয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মন্টু হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদারের সঙ্গে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তমপুর গ্রামের মো. মিন্টুর মেয়ে রুমানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।

পারিবারিক বিরোধের জেরে প্রায় দুই মাস আগে রুমানা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। ঘটনার দুই দিন আগে উজ্জ্বল শ্বশুরবাড়িতে আসেন। এরপর শনিবার ভোরে হঠাৎ এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে রুমানা নামাজ আদায় করছিলেন। এ সময় উজ্জ্বল তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। মেয়ের চিৎকার শুনে তাকে রক্ষা করতে মা মাহমুদা বেগম এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে রুমানার বাবা মো. মিন্টু এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

হামলার পর আহতদের ঘরে রেখে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে অভিযুক্ত ব্যক্তি চলে যান বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের চিৎকার শুনে তাদের উদ্ধার করেন। এরপর দ্রুত তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত উজ্জ্বল হাওলাদারকে গ্রেপ্তার করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ, ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে