×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়

২০২৬ সেপ্টেম্বর ২০ ০৮:৪৫:২২
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে নিহতের মায়ের আইফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালানো হয়। ওই অভিযানেই অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ফোনটি কীভাবে তুহিনের বাড়িতে গেল এবং ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ ছিল। পরদিন শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কোটবাড়ি-গন্ধমতী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সন্তান নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছিল। পরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার তদন্তে পুলিশ এখন পর্যন্ত তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর আনাস ও ফাহিমকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের নিখোঁজ হওয়া, মরদেহ উদ্ধারের ঘটনা এবং তার মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধারের বিষয়গুলো তদন্তের আওতায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহত অপ্রতিমের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে