×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস

২০২৬ সেপ্টেম্বর ২০ ০৮:৪৯:১০
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুর ঘটনায় আটক শাহরিয়া আনাস আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে অপ্রতিমের সঙ্গে তার পরিচয় ও বিভিন্ন সময়ের কথোপকথনের কথা উল্লেখ করে শোক প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আটকের আগে অপ্রতিমের মৃত্যুর খবর সংবলিত একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন আনাস। পোস্টে তিনি অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শিশুদের কাছে দামি জিনিস থাকা নিয়ে একটি মন্তব্য করেন। একই পোস্টে অপ্রতিমের সঙ্গে তার কথোপকথনের একটি স্মৃতিও তুলে ধরেন তিনি।

আনাস তার পোস্টে উল্লেখ করেন, অপ্রতিম মাঝে মাঝে তাকে মেসেজ করে ছবি তোলার জন্য কোথায় আছেন জানতে চাইত। অপ্রতিমের মৃত্যুর পর সেই কথাগুলো মনে করে তার খারাপ লাগছে বলেও পোস্টে উল্লেখ করেন আনাস।

এর আগে শুক্রবার বিকালে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপ্রতিম ছিলেন ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

পুলিশ জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিন নামে এক তরুণকে দেখা যায়। পরে তুহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, অপ্রতিমের ঘটনায় আনাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য ও অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে। অপ্রতিমের সঙ্গে থাকা তার মায়ের আইফোনের অবস্থান এবং ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মোবাইল ফোনের অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে অপ্রতিমের চলাফেরা এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবিতে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারি দেন।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিভিন্ন তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্যসহ বিভিন্ন আলামত যাচাই করে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে