×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১০:৩০:৪৮
সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

নিজস্ব প্রতিবেদক: চলতি মূলধনের সংকটে থাকা ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) প্রতিষ্ঠানগুলোর পরিচালন সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ‘সিএমএসএমই খাত সম্পর্কিত ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সিএমএসএমই খাতের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সহায়তা করা। বিশেষ করে পর্যাপ্ত চলতি মূলধনের অভাবে যেসব প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে পারছে না, তাদের অর্থায়নের আওতায় আনার উদ্দেশ্যে এই তহবিল গঠন করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক মো. জবদুল ইসলাম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এমটিবির হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এই ঘূর্ণায়মান বা রিভলভিং তহবিলটি তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত হয়েছে। তহবিলটির মেয়াদ তিন বছর। এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে এই স্কিমের আওতায় ঋণগ্রহীতারা ৩ থেকে ৬ মাসের গ্রেস পিরিয়ড সুবিধাও পেতে পারেন। ফলে ব্যবসার প্রাথমিক পর্যায়ে ঋণের কিস্তি পরিশোধের চাপ কিছুটা কমানোর সুযোগ থাকবে।

তবে এই স্কিমের আওতায় সবাই সুবিধা পাবেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সিআইবি খেলাপি ঋণগ্রহীতারা এই পুনঃঅর্থায়ন সুবিধার আওতাভুক্ত হবেন না।

৫ হাজার কোটি টাকার এই তহবিলে যুক্ত হওয়ার মাধ্যমে এমটিবি সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা পূরণে অর্থায়ন দেওয়ার সুযোগ পাচ্ছে। ব্যাংকটির এই অংশগ্রহণের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে অর্থায়নের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সিএমএসএমই খাত দেশের ব্যবসা ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ এই খাতের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে এমটিবির অংশগ্রহণ সেই অর্থায়ন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে