×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

২০২৬ সেপ্টেম্বর ১৪ ০৫:৪৭:৪৯
জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ কর্মসূচির নীতিমালা রবিবার (১৩ সেপ্টেম্বর) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নীতিমালায় বলা হয়েছে, নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।

নীতিমালা অনুযায়ী, কর্মসূচির আওতায় অর্থায়ন পেতে আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। একই সঙ্গে তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।

তবে কয়েকটি শ্রেণির ব্যক্তি এ সুবিধার আওতায় আসবেন না। তারা হলেন—ঋণখেলাপি ব্যক্তি;আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন এমন ব্যক্তি;সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মী।কারিগরি স্টার্টআপ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও হস্তশিল্পসহ যেকোনো বৈধ নতুন বা বিদ্যমান ব্যবসায়িক উদ্যোগ এ অর্থায়নের জন্য বিবেচিত হতে পারে।

ব্যবসার প্রকৃত প্রয়োজন ও সম্ভাব্য ব্যয় মূল্যায়নের ভিত্তিতে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ‘ব্লেন্ডেড ফাইন্যান্স’ দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা ম্যাচিং গ্র্যান্ট বা অনুদান হিসেবে দেওয়া হবে।

উদাহরণ হিসেবে, কোনো উদ্যোক্তার ব্যবসার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন হলে তিনি ৬ লাখ টাকা ঋণ এবং ৬ লাখ টাকা অনুদান পেতে পারেন। অর্থের দুই অংশ একই সময়ে উদ্যোক্তার ব্যাংক হিসাবে জমা হবে।

তবে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে কিংবা অর্থের অপব্যবহার হলে অনুদানের অংশটিও সুদমুক্ত ঋণে রূপান্তরিত হবে। পরবর্তী সময়ে প্রচলিত আইন অনুযায়ী ওই অর্থ আদায় করা হবে।

যোগ্য উদ্যোক্তা বাছাইয়ের জন্য প্রতিটি উপজেলায় একটি করে লিড ব্যাংক নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।পরে উপজেলা ও জেলা পর্যায়ের লিড ব্যাংকের মাধ্যমে আবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।

উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা যাচাই করতে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক, সফল উদ্যোক্তা, শিল্প খাত ও শিক্ষাবিদদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল কাজ করবে।চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোক্তাদের ১৭ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে নীতিমালায়।

শুধু অর্থায়ন নয়, কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সহায়তাও দেবে। এর মধ্যে রয়েছে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ, মেন্টরিং, বাজারসংযোগ এবং ট্রেড লাইসেন্স বা ব্যবসা নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা।

বাংলাদেশ ব্যাংকের নতুন এ উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং উপজেলা পর্যায়ে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি করা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে