×
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৬:৫০:৫৬
প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা করেছে সরকার। এতে বিদ্যালয়মুখী শিশুদের নিয়মিত উপস্থিতি বাড়বে এবং তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ধরে রাখা সহজ হবে বলে মনে করছে সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের স্কুলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খাবার সরবরাহের মাধ্যমে শিশুদের নিয়মিত স্কুলে আসার পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার সুযোগ তৈরি হয়।

ববি হাজ্জাজ জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। আগামী বছরের মধ্যে কর্মসূচিটির পরিধি বাড়িয়ে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

খাবারের পুষ্টিমান ও বিতরণ ব্যবস্থাপনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টিমান বজায় রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। পাশাপাশি খাবার সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা বাড়াতে মাঠপর্যায়ে স্থানীয় মা-বোনদের যুক্ত করে ‘মাদারস কমিটি’ গঠন করা হচ্ছে।

পাইলট প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা ও মতামত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে খাদ্যতালিকায় প্রয়োজন হলে নতুন উপাদান যুক্ত করা হবে। এর মাধ্যমে শিশুদের জন্য স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

চতুর্থ শ্রেণিতে চালু হতে যাওয়া নতুন বিষয় নিয়ে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘স্পোর্টস ও কালচারাল এডুকেশন’-এর একটি প্রাথমিক পাঠ্যবই দেওয়া হচ্ছে। ২০২৮ সালে এই শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণিতে উঠলে এ বিষয়ে পূর্ণাঙ্গ কারিকুলাম কার্যকর করা হবে। এর আগে সহকারী শিক্ষকদের থিওরিটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

প্রধান শিক্ষক নিয়োগ ও পদায়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দেশে ৩৫ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য ছিল অথবা এসব পদ নিয়ে আইনি প্রক্রিয়া চলছিল। দ্রুত এসব পদে নিয়োগ ও পদায়ন নিশ্চিত করতে ইতোমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা ইশরাত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে