×
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৬:১০:৫৮
সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট শর্তে টাকা উত্তোলনের জন্য গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। এরই মধ্যে ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তবে আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, রোববারও গ্রাহকদের আবেদন করার সুযোগ রয়েছে।

আবেদন গ্রহণের পর গ্রাহকদের চূড়ান্ত সংখ্যা এবং তাদের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আমানতকারীদের মধ্যে অর্থ বিতরণ শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাগো নিউজকে বলেন, ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে কতজন তাদের অর্থ উত্তোলন করতে চান এবং এ জন্য মোট কত অর্থের প্রয়োজন হবে, তা নির্ধারণের লক্ষ্যেই ১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া হচ্ছে। এখনো আবেদনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিক হিসাবে আবেদনকারীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে।

তিনি জানান, প্রতিদিন জমা পড়া আবেদন এবং এর বিপরীতে প্রয়োজনীয় অর্থের হিসাব চূড়ান্ত করার পর মোট কত অর্থের সংস্থান করতে হবে, সেটি নির্দিষ্টভাবে জানা যাবে। ওই হিসাবের ভিত্তিতে সোমবার থেকেই প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে আমানতকারীদের মধ্যে বিতরণ শুরু করা হবে।

একসঙ্গে শাখায় ভিড় না করার আহ্বান

আমানতের অর্থ উত্তোলনকে ঘিরে ব্যাংকের শাখাগুলোতে যাতে অতিরিক্ত ভিড় কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য গ্রাহকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশেষ করে যেসব আমানতকারীর জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন নেই, তাদের প্রথম দিনেই ব্যাংক শাখায় না গিয়ে পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে অর্থ উত্তোলনের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সবাই একই সময়ে অর্থ উত্তোলনের জন্য ব্যাংক শাখায় উপস্থিত হলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আমানতকারীদের ধৈর্য ধারণ করে পর্যায়ক্রমে টাকা উত্তোলনের জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে। তাই এ নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আবেদন করলেও সবাই টাকা তুলবেন না

টাকা উত্তোলনের জন্য আবেদন করলেই প্রত্যেক আবেদনকারী শেষ পর্যন্ত অর্থ উত্তোলন করবেন—বিষয়টি এমন নয় বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

তিনি জানান, অর্থ উত্তোলনের ক্ষেত্রে কিছু মুনাফা ছাড় দেওয়ার বিষয় থাকতে পারে। এ কারণে আবেদন করার পরও কোনো কোনো আমানতকারী তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।

ফলে বাস্তবে যারা ব্যাংকে উপস্থিত হয়ে অর্থ উত্তোলন করবেন, তাদের হিসাব অনুযায়ী টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আমানতকারীদের স্বার্থে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের নিজস্ব সক্ষমতার কিছু সীমাবদ্ধতা থাকলেও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

আরিফ হোসেন খান বলেন, আমানতকারীদের দাবি পূরণ এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক দায়িত্বশীলভাবে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম সচল রাখা হবে।

ঋণ বিতরণে ব্যাংক প্রস্তুত, প্রয়োজন লজিস্টিক সক্ষমতা

এদিকে দেশের ব্যাংকিং খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তবে ঋণ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় লজিস্টিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।

তার ভাষ্য, ব্যাংকগুলো ঋণ দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোকেও বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। শুধু ঋণের অর্থ ছাড় করলেই বিনিয়োগ কার্যকরভাবে বাস্তবায়িত হয় না। এর সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, সড়ক যোগাযোগ, বন্দরসহ বিভিন্ন অবকাঠামোগত ও লজিস্টিক সুবিধার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক অর্থায়নের বিষয়টি দেখভাল করছে। তবে ঋণের অর্থ পাওয়ার পর উৎপাদনমুখী কার্যক্রম শুরু করার মতো প্রয়োজনীয় সহায়তা না থাকলে বিনিয়োগ বাস্তবায়নে বাধা তৈরি হতে পারে।

মুখপাত্র বলেন, প্রয়োজনীয় লজিস্টিক সুবিধার ঘাটতির কারণে বর্তমানে কিছু ক্ষেত্রে ঋণ বিতরণে বিলম্ব হতে পারে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে ঋণ গ্রহণ ও বিনিয়োগ বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত হলে ঋণ বিতরণ কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে