ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড

২০২৬ আগস্ট ০২ ১৮:৩০:২৫
জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া একটি জর্দার কৌটা থেকে স্বর্ণের চেইন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার সততার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর বাসিন্দা। তার এই মানবিক ও সৎ কাজের স্বীকৃতি হিসেবে রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

ঘটনাটি ঘটে গত ১৫ জুলাই। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের খাবারের কোচে ভ্রমণরত এক নারী যাত্রী নিরাপত্তার কারণে দুটি জর্দার কৌটার ভেতর একটি স্বর্ণের চেইন ও দুই হাজার টাকা রেখে বহন করছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগে ভুলবশত তিনি কৌটা দুটি ময়লার ঝুড়িতে ফেলে দেন এবং ভৈরব স্টেশনে নেমে বাড়ি চলে যান।

বাড়িতে গিয়ে ভুল বুঝতে পেরে তিনি ট্রেনের টিকিটে থাকা ফোন নম্বরে যোগাযোগ করেন। বিষয়টি জানানো হলে স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেনের নজরে আসে। তিনি জানান, প্রথমে কৌটা দুটি খালি ভেবে নিজের শাশুড়ির জন্য রেখে দিয়েছিলেন। পরে যাত্রীর ফোন পাওয়ার পর কৌটা খুলে দেখেন, একটিতে স্বর্ণের চেইন এবং অন্যটিতে দুই হাজার টাকা রয়েছে।

এরপর মহানগর গোধূলি ট্রেনটি নিশিথা এক্সপ্রেস হিসেবে চট্টগ্রামের পথে ফেরার সময় ভৈরব রেলস্টেশনে যাত্রীর স্বজনদের হাতে স্বর্ণালংকার ও নগদ টাকা বুঝিয়ে দেন তিনি।

হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে ওই নারী ও তার পরিবারের সদস্যরা মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে