ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গোল্ডকাপ ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশ

২০২৬ জুলাই ২১ ১১:৪৩:২০
গোল্ডকাপ ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন, নিয়মিত অনুশীলন এবং টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে জানানো হয়েছে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টুর্নামেন্টের খেলা শুরু হবে।

এ টুর্নামেন্টে দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য ৫ নির্দেশনা

১. ফুটবল দল গঠন

শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

২. নিয়মিত অনুশীলনের ব্যবস্থা

অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে।

৩. আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন

দক্ষ খেলোয়াড় নির্বাচন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

৪. ক্রীড়ার মাধ্যমে বিকাশ নিশ্চিত করা

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

৫. পরবর্তী নির্দেশনা অনুসরণ

টুর্নামেন্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে