ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: দগদগে ক্ষত, অপেক্ষা শুধু বিচারের

২০২৬ জুলাই ২১ ১১:২২:৫১
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: দগদগে ক্ষত, অপেক্ষা শুধু বিচারের

নিজস্ব প্রতিবেদক: কেটে গেছে এক বছর। কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারগুলোর কাছে সময় যেন থেমে আছে সেই ভয়াবহ দিনের মুহূর্তে। হারানো সন্তানের স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য এখনো তাড়া করে বেড়ায় তাদের।

২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় পাইলট, একজন শিক্ষিকা এবং ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৬ জন নিহত হন। আহত হন আরও অনেকে। দুর্ঘটনার পর দগ্ধ ও আহত শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শরীরে রয়ে গেছে ক্ষতচিহ্ন, আর মনে রয়ে গেছে সেই বিভীষিকার স্মৃতি।

এক বছর পর আহত শিক্ষার্থীদের অনেকেই আবার শ্রেণিকক্ষে ফিরেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ৪৮ শিক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই নিয়মিত ক্লাস করছে। তবে স্বাভাবিক জীবনে ফিরলেও অনেকের মধ্যেই এখনো ভয় কাজ করে। আকাশে বিমান উড়তে দেখলে কিংবা স্কুল ছুটির সময় ঘনিয়ে এলে পুরোনো আতঙ্ক ফিরে আসে।

শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকদের মনেও রয়েছে অজানা শঙ্কা। সন্তানকে স্কুলে পাঠানোর সময় অনেকের মনেই ফিরে আসে সেই ভয়াবহ দিনের স্মৃতি।

অন্যদিকে, নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য সময় যেন থেমে আছে। অনেক স্বজন এখনো মাঝেমধ্যে স্কুলে এসে হারানো সন্তানকে খুঁজে ফেরেন। কারও কাছে সন্তান এখন শুধু ছবির ফ্রেমে, আবার কারও কাছে স্মৃতির পাতায়।

স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার এক বছর পার হলেও প্রকৃত বিচার এখনো নিশ্চিত হয়নি। তারা বলছেন, কোনো আর্থিক সহায়তার চেয়ে তাদের প্রধান দাবি হলো দুর্ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা।

দুর্ঘটনার পর তৎকালীন অন্তর্বর্তী সরকার নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। প্রায় তিন মাসের তদন্ত শেষে ১৫০ জনের সাক্ষ্য এবং ১৬৮টি তথ্য বিশ্লেষণ করে ৩৩ দফা সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, উড্ডয়ন-সংক্রান্ত ত্রুটির কারণে প্রশিক্ষণ চলাকালে পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে বিমানটি বিধ্বস্ত হয়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ করা হয়। পাশাপাশি বরিশাল ও বগুড়া বিমানঘাঁটির রানওয়ে সম্প্রসারণের বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনাকবলিত ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুযায়ী নির্মিত হয়নি। ভবনে প্রয়োজনীয় সংখ্যক সিঁড়ি না থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলেও তদন্তে উল্লেখ করা হয়।

মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের স্মরণ কর্মসূচি পালন করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, কবর জিয়ারত, এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের স্মরণে বিভিন্ন আয়োজন।

প্রতিষ্ঠানটির সব শাখায় মঙ্গলবার (২১ জুলাই) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এক বছর পেরিয়ে গেলেও মাইলস্টোনের সেই দুপুরের স্মৃতি এখনো অমলিন। আহতরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরলেও, হারানো স্বজনদের শোক এবং বিচারের অপেক্ষা এখনো শেষ হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে