ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার

২০২৬ জুলাই ০৮ ১৮:০৬:০৩
বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাত্র চার ঘণ্টার মধ্যেই পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি তলবে ঢাকায় ফিরে যান মোহাম্মদ বদরুল আলম মোল্লা। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও বদলির পেছনে কোনো আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

গত রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবার (৭ জুলাই) বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের চার ঘণ্টা পরই আইজিপির জরুরি নির্দেশে তাকে ঢাকায় ফিরতে হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বদরুল আলম মোল্লার একটি কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পোস্টে দাবি করেন, ওই অডিওতে পুলিশ সুপার পদে নিয়োগকে কেন্দ্র করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের প্রসঙ্গ রয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।অভিযোগের বিষয়ে বদরুল আলম মোল্লা বলেন, তার বদলি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত এবং এতে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি।

তিনি দাবি করেন, ভাইরাল হওয়া কল রেকর্ড বিকৃত ও বিভ্রান্তিকর এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি প্রচার করা হয়েছে।তার ভাষ্য, দৈনিক দেশ রূপান্তর–এর ঢাকা অফিসের এক সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের অংশবিশেষ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ওই সাংবাদিক তার বদলির বিষয়ে নিজের ভূমিকার কথা বললেও কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি বলেও দাবি করেন তিনি।

বর্তমানে তিনি ঝালকাঠির দায়িত্বে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে বদরুল আলম মোল্লা বলেন, তাকে আপাতত ওয়েটিংয়ে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে কোন জেলায় দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষয়ে জানতে বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে