ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা

২০২৬ জুলাই ০৬ ১৫:৫৮:৫৬
কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন ডলারের মূল্য শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য মুদ্রানীতির দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬৫ দশমিক ২১ ডলারে নেমে আসে। অন্যদিকে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৭ দশমিক ২০ ডলারে পৌঁছায়।

বার্তা সংস্থা রয়টার্সকে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শক্তিশালী মার্কিন ডলারের কারণে স্বর্ণের বাজার চাপের মুখে রয়েছে। চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতিসংক্রান্ত অবস্থান সম্পর্কে ইঙ্গিত পাওয়ার আশায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান (পে-রোল) সংক্রান্ত প্রত্যাশার তুলনায় দুর্বল তথ্য প্রকাশের পর মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমে যায়। এর প্রভাবে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে প্রায় ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত যেতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ২৮ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৪৯ দশমিক ৬১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৮৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে