ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

২০২৬ জুন ১৫ ১৬:০৩:৪২
আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারী থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে গ্রেপ্তার দেখানোর আদেশের পর দুপুরে তাকে কারাগারে নেওয়া হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ আফ্রিদি বলেন, “আমার ছেলের জন্য দোয়া চাই।”

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে বিনিয়োগের নামে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। শুরুতে কিছু টাকা ফেরত দিয়ে আস্থা অর্জনের পর মুনাফার আশ্বাসে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

কুলসুম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে