ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম

২০২৬ জুন ১১ ১১:২৬:০৯
২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে আবারও ভারতীয় জাতীয় কংগ্রেসে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল এবং দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের ভেতরে অসন্তোষের খবর বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠছে।

এমন পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে অংশ নিতে ৮ জুন দিল্লি সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সফর শেষে ১০ জুন তিনি কলকাতায় ফিরে আসেন। এর মধ্যে তার বাসভবন ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে তদন্ত সংস্থার তল্লাশি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়।

দিল্লি সফরের অন্যতম আলোচিত ঘটনা ছিল ১০ জনপথে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা ও অভিষেকের বৈঠক। ভারতীয় কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, ওই বৈঠকে মমতাকে কংগ্রেসের সর্বভারতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। তবে কংগ্রেস কিংবা তৃণমূল—কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে বিরোধী রাজনৈতিক শিবির তৃণমূলের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সমালোচনা জোরদার করেছে। তাদের দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বগত সমস্যার কারণেই দলটি চাপে পড়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এরপর গত প্রায় তিন দশকে দলটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী চ্যালেঞ্জ ও বিভিন্ন বিতর্কের কারণে দলটি নতুন চাপের মুখে রয়েছে।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে