ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

১০০ দিনে সরকারের অর্জনের তালিকা প্রকাশ

২০২৬ মে ২৬ ১০:১৮:৪৫
১০০ দিনে সরকারের অর্জনের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারছেন।

সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকি সিদ্ধান্তগুলো বাস্তবায়নাধীন রয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, সরকার সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। তবে একটি গোষ্ঠী এই স্বাধীনতাকে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে মাহদী আমিন জানান, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটি ইকোনমিক করিডোর নির্মাণের প্রস্তুতি চলছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কুষ্টিয়ার মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মাত্র ২৯ কার্যদিবসে এক আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে। এছাড়া তনু হত্যা মামলা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নীতি অনুসরণ করছে এবং এটিকে মানবিক ও জনমুখী রাজনীতির অংশ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশি পাসপোর্টে পুনরায় “Except Israel” শব্দবন্ধ যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মাহদী আমিন।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে অর্থনীতি, ব্যাংকিং খাত ও রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি জানান, এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১০টি দেশের মধ্যে ৩টির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও বলেন, গত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতিফলন। মাসিক রেমিট্যান্স প্রায় ৩.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অর্থনীতিতে গতি ফেরাতে ও বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে