ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট

২০২৬ মে ২২ ১৫:২১:১৪
সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত বৈঠকে আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের আর্থিক চাপ সামাল দিতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ ‘থোক বরাদ্দ’ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে পে-স্কেলের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এ সময় নবম পে-স্কেল বাস্তবায়নসংক্রান্ত তিনটি পৃথক কমিটি তাদের প্রতিবেদন উপস্থাপন করে।

সূত্র জানায়, উপস্থাপিত তিনটি প্রতিবেদনের মধ্যে দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বেতন-ভাতা বৃদ্ধি এবং বাজেটের সঙ্গে সামঞ্জস্যতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তৃতীয় প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি বাস্তবসম্মত ও ত্রুটিমুক্ত করতে আরও কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে। তবে কিছু প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া বাকি থাকলেও আগামী ১ জুলাই থেকেই নবম পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত বহাল রয়েছে।

সরকার ইতোমধ্যে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ মূল্যায়নের জন্য একটি পুনর্গঠিত কমিটি গঠন করেছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব। অর্থ বিভাগ এ কার্যক্রমে সার্বিক সচিবালয় সহায়তা দিচ্ছে।

সূত্র আরও জানায়, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হলেও সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকে বকেয়াসহ নতুন স্কেলের সুবিধা পাবেন।

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও সরকারের রাজস্ব সক্ষমতার মধ্যে ভারসাম্য রেখেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।”

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও দেশের আর্থিক বাস্তবতা বিবেচনায় নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আগামী অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের অর্ধেক বৃদ্ধি কার্যকর হবে। দ্বিতীয় বছরে বাকি অর্ধেক এবং তৃতীয় বছরে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা চালু করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে