ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

নির্বাচনের আগেই মহড়া; দলের কড়াকড়িতে পদচ্যুতি

২০২৬ এপ্রিল ১৩ ১৬:৩৪:৩৮
নির্বাচনের আগেই মহড়া; দলের কড়াকড়িতে পদচ্যুতি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও রোববার বিকেলে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে একটি শক্তি প্রদর্শনমূলক মহড়া করেন মাসুদ রানা প্রামাণিক। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিতেই এ মহড়া আয়োজন করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে শুরু হওয়া এ মহড়ায় প্রায় ৪০০ নেতা-কর্মী অংশ নেন। মাইক্রোবাস বহরটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ঘটনাটি সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচিত হলে দলীয়ভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাসুদ রানা প্রামাণিক বলেন, তাকে স্থায়ীভাবে নয়, শুধুমাত্র সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে