ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬

২০ খেলাপির কাছে কোটি টাকা; চাপের মুখে ছয় সরকারি ব্যাংক

২০২৬ এপ্রিল ১৩ ১২:১৯:৫০
২০ খেলাপির কাছে কোটি টাকা; চাপের মুখে ছয় সরকারি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল—শীর্ষ ঋণ খেলাপিদের কারণে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে। ব্যাংকগুলোর মোট শ্রেণীকৃত ঋণের একটি বড় অংশ মাত্র ২০ জন বড় ঋণগ্রহীতার কাছে আটকে রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছয় ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা, যার মধ্যে শীর্ষ ২০ খেলাপির কাছেই রয়েছে প্রায় ৯১ হাজার কোটি টাকা। তবে ২০২৫ সালে এই খেলাপিদের কাছ থেকে আদায় হয়েছে মাত্র কয়েকশ কোটি টাকা।

বিশেষ করে জনতা ব্যাংক সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছে প্রায় ৫৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে, যার বিপরীতে আদায় খুবই সীমিত।

অন্যদিকে রূপালী ব্যাংক শীর্ষ খেলাপিদের কাছ থেকে তুলনামূলকভাবে বেশি আদায় করতে পারলেও সার্বিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সোনালী, অগ্রণী, বিডিবিএল ও বেসিক ব্যাংকেও একই ধরনের চিত্র দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোর বড় অঙ্কের ঋণ কয়েকটি গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত থাকায় আর্থিক ঝুঁকি বাড়ছে। এর ফলে একাধিক ব্যাংক মূলধন ঘাটতিতেও পড়েছে।

২০২৫ সালের হিসাব অনুযায়ী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক উল্লেখযোগ্য মূলধন ঘাটতির মধ্যে রয়েছে। যদিও সোনালী ব্যাংক এ বছর কিছুটা ঘুরে দাঁড়িয়ে উদ্বৃত্ত মূলধন দেখাতে সক্ষম হয়েছে।তবে একই সময়ে ব্যাংকগুলোর আমানত ও ঋণ বিতরণ বেড়েছে, যা ব্যাংক খাতে প্রবাহ বজায় রাখলেও ঝুঁকির চাপ কমাতে পারেনি।

অর্থনীতিবিদরা বলছেন, সীমিত সংখ্যক বড় ঋণগ্রহীতার কাছে বিপুল অঙ্কের টাকা আটকে থাকা ব্যাংক খাতের জন্য একটি বড় দুর্বলতা। তারা কঠোর আইন প্রয়োগ, স্বচ্ছতা এবং কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন।বিশেষজ্ঞদের মতে, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ব্যাংক খাতে এ ধরনের সংকট আরও বাড়তে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে