ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

ভোজ্যতেল নিয়ে চূড়ান্ত খবর দিলেন বাণিজ্যমন্ত্রী

২০২৬ এপ্রিল ১২ ১৮:৪৯:১১
ভোজ্যতেল নিয়ে চূড়ান্ত খবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে আপাতত ভোজ্যতেলের দাম বৃদ্ধি করা হচ্ছে না বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতসহ নানা কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের প্রধান অগ্রাধিকার হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা।

তিনি বলেন,“আমরা চাই বাজারে কোনো পণ্যের দাম যেন না বাড়ে। সেই লক্ষ্যেই নিয়মিত পর্যবেক্ষণ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর বাজার পরিস্থিতি, আমদানি ও সরবরাহ নিয়মিতভাবে পর্যালোচনা করা হয়।তবে সর্বশেষ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

সম্প্রতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। একইসঙ্গে কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়।

তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে আপাতত দাম না বাড়ানোর সুপারিশ করে।

সভায় তেল সরবরাহকারীদের মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে সরকারের এ সিদ্ধান্ত ভোক্তাদের জন্য সাময়িক স্বস্তি নিয়ে এসেছে। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর ভোজ্যতেলের দাম নির্ভর করবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে