ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রি-বাজেট আলোচনায় অ্যামচেমের ৫% ক্যাশব্যাক প্রস্তাব

২০২৬ এপ্রিল ০৬ ০৯:৪২:৪১
প্রি-বাজেট আলোচনায় অ্যামচেমের ৫% ক্যাশব্যাক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। প্রস্তাব অনুযায়ী, এই প্রণোদনার মধ্যে তিন শতাংশ পাবেন ভোক্তা এবং দুই শতাংশ পাবেন ব্যবসায়ীরা। প্রস্তাবটি রবিবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তুলে ধরা হয়। সভায় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অ্যামচেম জানিয়েছে, কোভিড পরবর্তী সময়ে অনলাইন শপিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কার্ডভিত্তিক পেমেন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যবহারের কারণে ই-কমার্স খাতের সম্প্রসারণ ঘটছে। এতে নগদ ব্যবহারে নির্ভরতা কমছে, আর্থিক লেনদেনের স্বচ্ছতা বাড়ছে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থ স্থানান্তর আরও সহজ হচ্ছে।

প্রস্তাবে বলা হয়েছে, ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে এই পাঁচ শতাংশ নগদ প্রণোদনা ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান বা এমএফএস সেবাদাতারা দিতে পারে। পরবর্তীতে সেই তথ্য অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক-এ জমা দেওয়া হতে পারে।

সঙ্গে অ্যামচেম বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ উন্নয়নের জন্য অন্যান্য সুপারিশও তুলে ধরেছে। এর মধ্যে করনীতি সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ডিজিটাল লেনদেন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারা দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) অনুযায়ী সরাসরি করহার প্রয়োগ এবং ব্যাংকগুলোর জন্য ডিটিএএ সনদ প্রদানের প্রক্রিয়া সহজ করার প্রস্তাবও করেছে।

উৎসে কর কর্তনের ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব অনুযায়ী, করপোরেট কর নির্ধারণ হলে রুল ৩৯ অনুযায়ী উৎসে করের হার ৪.১২৫% এবং অন্যথায় ৫.২৫% নির্ধারণ করা যেতে পারে। এছাড়াও বিদেশি ও স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের জন্য সমান করহার ৩৭.৫% বজায় রাখার সুপারিশ করা হয়েছে।

ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সম্প্রসারণে পিওএস মেশিন ও স্মার্টকার্ডের ওপর আমদানি শুল্ক কমানো এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক কাঠামো পরিবর্তনের আহ্বানও প্রস্তাবে অন্তর্ভুক্ত। এছাড়া কার্বনেটেড পানীয়ের ওপর শুল্ক কমানো এবং তৈরি পোশাক খাতের বর্জ্য সংগ্রহ ও সরবরাহ সেবাকে ভ্যাট অব্যাহতির আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

বিনিয়োগ বাড়াতে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের করহার কমানো, এবং নারীদের উদ্যোক্তা হিসাবে সহায়তার জন্য ট্রেড লাইসেন্স ফি কমানো ও শোরুমে ভ্যাট অব্যাহারের প্রস্তাবও এই আলোচনায় অন্তর্ভুক্ত ছিল। ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী সংগঠন ইউরোচ্যামও বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়ন, প্রক্রিয়া সহজীকরণ এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে