ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

নিউইয়র্ক আদালতের তলব; জবানবন্দি দিতে যাচ্ছেন সাবেক গভর্নর

২০২৬ এপ্রিল ০৬ ০৯:৩৭:১৯
নিউইয়র্ক আদালতের তলব; জবানবন্দি দিতে যাচ্ছেন সাবেক গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলায় সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-কে জবানবন্দি (ডিপোজিশন) দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিল তাকে সরাসরি জবানবন্দি দিতে হবে। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর একটি অভ্যন্তরীণ নথিতে উঠে এসেছে।

নথি অনুযায়ী, মামলায় যুক্ত আইনজীবী ধর্মেন্দ্র নায়ার এবং ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন ১১ মার্চ পাঠানো এক ই-মেইলে আদালতের নির্দেশ নিশ্চিত করেছেন।

জানা গেছে, আদালতের অনুরোধে ড. মনসুর ইতোমধ্যে একটি হলফনামা জমা দিয়েছেন। এখন তাকে সরাসরি সাক্ষ্য দিতে হবে, যা মামলার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া আইন প্রতিষ্ঠান বিএসএনকে ও কিস্টোন ৬ ও ১০ এপ্রিল প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেছে।

ড. মনসুর ৪ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করেছেন এবং ওয়াশিংটন ডিসি হয়ে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তার সফর শেষে ১২ এপ্রিল দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এই সফরের সব ব্যয় বহন করবে বাংলাদেশ ব্যাংক। এতে বিমান ভাড়া, হোটেল, প্রটোকলসহ গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

মামলার বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিএফআইইউর উপপ্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরীকেও যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। তিনি বিশেষজ্ঞ সাক্ষ্য প্রদান ও চলমান বিষয় নিয়ে আলোচনা করবেন।এছাড়া মামলার সহ-প্রধান আইনজীবী প্রতিষ্ঠান কোজেন ও’কনরের সঙ্গেও বৈঠক নির্ধারিত রয়েছে।

জবানবন্দি সংক্রান্ত খরচ বাবদ ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড পরিশোধের অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি সফরসংক্রান্ত বিলও ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, বিষয়টির সংবেদনশীলতার কারণে এই সফরের সরকারি আদেশ প্রকাশ না করার সুপারিশ করা হয়েছে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

বিশ্লেষকদের মতে, এই জবানবন্দি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে। আন্তর্জাতিক আদালতে সরাসরি সাক্ষ্য দেওয়ার মাধ্যমে মামলার প্রমাণ ও আইনি অবস্থান আরও শক্তিশালী হতে পারে।তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেষ্টা করা হলেও ড. আহসান এইচ মনসুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে