ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

দেশের সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

২০২৬ জানুয়ারি ০৮ ১৬:০২:৪৮
দেশের সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী এবং নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি সার্কুলার মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে সার্কুলারটি প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং শাখা ও উপশাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা নারী গ্রাহকদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম থাকা অত্যন্ত জরুরি। কিন্তু অনেক ব্যাংক শাখায় প্রয়োজনীয় সংখ্যক নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা ও গ্রাহকরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই সংকট কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পরিচালক মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং সব শাখা ও উপশাখায় নারী কর্মকর্তা-কর্মচারী ও আগত নারী গ্রাহকদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হলো।

এই নির্দেশনার মাধ্যমে ব্যাংকিং খাতে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নারী কর্মীদের কর্মক্ষমতা ও গ্রাহকসেবা আরও উন্নত হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে