×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা কমালো বাংলাদেশ ব্যাংক

২০২৫ নভেম্বর ২৭ ১১:৩৮:১০
পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা কমালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : আমানতকারীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের পরিচালন ব্যয় কমানোর জন্য কর্মকর্তাদের বেতনভাতার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) প্রধান কার্যালয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন গভর্নর আহসান এইচ. মনসুর।

একীভূত হতে চলা ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। গুরুতর তারল্য সংকটের কারণে এসব ব্যাংক কর্মীদের বেতন দিতে সমস্যার মুখে পড়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চাইলেও কেন্দ্রীয় ব্যাংক ৩২৫ কোটি টাকা অনুমোদন করেছে, যা জরুরি প্রয়োজনে আমানতকারী, সরকারি সংস্থা ও কর্মীদের বেতন বাবদ ব্যয় করা হবে।

বর্তমানে এই পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর জমা আছে ১ লাখ ৪২ হাজার কোটি টাকা, কিন্তু ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার ৭৬ শতাংশ খেলাপি। সর্বোচ্চ খেলাপি ঋণের হার ইউনিয়ন ব্যাংকে ৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৯৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৬২.৩০ শতাংশ এবং এক্সিম ব্যাংকে ৪৮.২০ শতাংশ।

এই ব্যাংকগুলোতে মোট জনবল প্রায় ১৫ হাজার এবং দেশের বিভিন্ন স্থানে রয়েছে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ।

গত সরকারের সময় নানা অনিয়ম–দুর্নীতির কারণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং তারা আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। পরিস্থিতি সামাল দিতে বর্তমান সরকার ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ নেয়। চলতি মাসের শুরুতে পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং এমডিরা পদত্যাগ করেছেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত প্রশাসকরাই এসব ব্যাংকের দায়িত্বে রয়েছেন।

এছাড়া, পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়েছে। এই ব্যাংকের জন্য ২০ হাজার কোটি টাকা মূলধন জোগানোর প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ব্যাংকের হিসাব খোলার পর অর্থ ছাড় কার্যক্রম শুরু হবে।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে