ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ধানমন্ডি হকার্স মার্কেটকে ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

২০২৪ মার্চ ২০ ২২:৪৮:৩৭
ধানমন্ডি হকার্স মার্কেটকে ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটকে 'অত্যধিক ঝুঁকিপূর্ণ' ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও ডিএসসিসি। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মার্কেটটিকে 'অত্যধিক ঝুঁকিপূর্ণ' ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালানোর পর এই ঘোষণা দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই মার্কেটকে 'অত্যধিক ঝুঁকিপূর্ণ' ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, 'মার্কেটে অগ্নিনির্বাপক সরঞ্জামসহ যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমরা মার্কেটের মালিক সমিতিকে এক লাখ টাকা জরিমানা করেছি এবং তাদের ঈদ-উল-ফিতরের এক সপ্তাহ পর পর্যন্ত সময় দিয়েছি, এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলেছি।'

জাহাঙ্গীর আলম বলেন, 'ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার নূর ম্যানশন মার্কেট ও বনলতা কাঁচা বাজার পরিদর্শন করেছে। নূর ম্যানশন দোকান মালিক সমিতিকে অগ্নি নিরাপত্তা বিষয়ে দশটি নির্দেশনা দেওয়া হয়েছে।'

ভ্রাম্যমাণ আদালত ফুটপাত দখল করে ব্যবসা চালানোর দায়ে ঢাকা বিরিয়ানি, আল্লাহর দান বিরিয়ানি হাউস ও বনলতা কাঁচা বাজারে জর্জ মোল্লা বিরিয়ানির দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে