×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমে ১৮ হচ্ছে

২০২৬ নভেম্বর ২৯ ১০:৫৪:৫১
ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমে ১৮ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ছেলে ও মেয়ে উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করেছে আইন কমিশন। বর্তমানে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। বয়সের এই পার্থক্যকে বৈষম্যমূলক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মনে করছে কমিশন।

এ লক্ষ্যে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আইনে ব্যবহৃত ‘অপ্রাপ্তবয়স্ক’ শব্দের পরিবর্তে ‘শিশু’ শব্দ ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭: অসামঞ্জস্যতা, সামাজিক প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক এক গবেষণায় এসব প্রস্তাব তুলে ধরেছে আইন কমিশন। বিদ্যমান আইনের অসংগতি, মাঠপর্যায়ের পরিসংখ্যান, বিচারিক এখতিয়ারের অস্পষ্টতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পর্যালোচনা করে আইনটি সংস্কারের সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার গবেষণার ফলাফল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আইন কমিশনের প্রস্তাব অনুযায়ী, বাল্যবিবাহ নিরোধ আইনের ২(১) ধারায় ‘শিশু’র সংজ্ঞা যুক্ত করে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করতে হবে।

বিয়ের অনুমতি ও নিষেধাজ্ঞার বিষয়ে উপযুক্ত আদালত হিসেবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছে কমিশন। বিকল্প হিসেবে শিশু আইন, ২০১৩-এর ১৬ ধারা সংশোধন করে শিশু আদালতকে এ দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া আদালতের অনুমতি সাপেক্ষে বাল্যবিবাহসংক্রান্ত অপরাধ আপসযোগ্য করার সুপারিশ রয়েছে। অপরাধ সংঘটনের দুই বছরের মধ্যে অথবা ভুক্তভোগীর প্রাপ্তবয়স্ক হওয়ার দুই বছরের মধ্যে অভিযোগ দায়েরের সময়সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে যে সময়সীমাটি পরে শেষ হবে, সেটি কার্যকর করার কথা বলা হয়েছে।

গবেষণায় বিশেষ পরিস্থিতিতে বিয়ের বিষয়টিও বিবেচনায় নিয়েছে আইন কমিশন। প্রস্তাব অনুযায়ী, শিশুর সম্মতিতে গর্ভাবস্থা, অভিভাবকের অনুপস্থিতি কিংবা শিশু আইন, ২০১৩-এর ৮৯ ধারা অনুযায়ী সুবিধাবঞ্চিত অবস্থাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করা যেতে পারে।

এ ছাড়া জীবনের ঝুঁকি, মানবপাচার বা সহিংসতার আশঙ্কা, যথাযথ সুরক্ষার অভাব এবং শিশুর শারীরিক ও মানসিক পরিপক্বতার বিষয়গুলোও বিবেচনায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে দারিদ্র্য, শিক্ষার সুযোগের অভাব বা শিক্ষাগ্রহণে অপারগতা, বিয়ের আগে সম্পর্কের আশঙ্কা এবং পারিবারিক সম্মানহানির আশঙ্কাকে বিশেষ পরিস্থিতি হিসেবে গ্রহণ না করার সুপারিশ করেছে কমিশন।

বিয়ের বিষয়ে শিশুর সম্মতি গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুরক্ষার প্রস্তাব দিয়েছে আইন কমিশন। এ অনুযায়ী, অভিভাবক বা প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি ছাড়াই বিচারকের সামনে শিশুর স্বাধীন সম্মতি নেওয়ার বিধান রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও যাচাই কমিটির দায়িত্বে অবহেলাকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করার সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছে কমিশন।

তবে আইন কমিশনের এসব প্রস্তাব এখনো সুপারিশের পর্যায়ে রয়েছে। আইন সংশোধন ও কার্যকর হওয়ার আগে দেশে ছেলে ও মেয়ের বিয়ের ন্যূনতম বয়সের বিদ্যমান বিধানই বহাল থাকবে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে